জার্মানি-আর্জেন্টিনার পরই কলম্বিয়া
চেক প্রজাতন্ত্রের কাছে হারের মাশুল দিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ পেছাতে হলো হল্যান্ডকে। কাল প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে তিন থেকে চারে নেমে এসেছে ইউরো বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে চেকদের কাছে ২-১ গোলে হেরে যাওয়া ডাচরা। তবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি এবং রানার্সআপ আর্জেন্টিনার অবস্থানের কোনো হেরফের হয়নি। এক ও দুই নম্বর স্থানেই রয়েছে তারা। এক ধাপ উত্তরণে তিনে উঠে এসেছে কলম্বিয়া। এটাই দলটির ইতিহাসে সর্বোচ্চ র্যাঙ্কিং। তবে এর আগেও গত বছর জুলাই-আগস্টে র্যাঙ্কিংয়ের তিনে ছিল ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিবেশীরা।
সেপ্টেম্বরের ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে আলোচিত দল গুয়েতেমালা। ৭৭ ধাপ উত্তরণে ৫৭তম অবস্থান তাদের। সবচেয়ে বড় অবনমন হয়েছে টোগোর। ১২৫তম অবস্থানে নেমে যাওয়া দলটির অবনমন ৩৮ ধাপ। অবনমন হয়েছে বাংলাদেশেরও, ১১ ধাপ পিছিয়ে তারা ১৮১তম অবস্থান। দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে আফগানিস্তান (১৩৫)। এর পর আছে মালদ্বীপ (১৪৫) ও ভারত (১৫৮)। এএফপি।
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ দশ
১. জার্মানি ১৭৬৫
২. আর্জেন্টিনা ১৬৩১
৩. কলম্বিয়া (+১) ১৪৮৮
৪. হল্যান্ড (-১) ১৪৫৬
৫. বেলজিয়াম ১৪৪৪
৬. ব্রাজিল (+১) ১২৯১
৭. উরুগুয়ে (-১) ১২৪৩
৮. স্পেন (-১) ১২২৮
৯. ফ্রান্স (+১) ১২০২
১০. সুইজারল্যান্ড (-১) ১১৭৫
* বন্ধনীতে অবস্থানের পরিবর্তন