জার্মানি বনাম লেভানডফস্কি
সাত মাস আগের সেই সন্ত্রাসী হামলার ভয়াবহ স্মৃতি এখনো নিশ্চয়ই মুছে যায়নি জার্মানদের মন থেকে, হয়তো কখনো মুছবেও না। কিন্তু প্যারিসের স্তাদ দো ফ্রান্সে প্রত্যাবর্তনের দিনে সেই রাতের ভয়াবহতাকে পেছনে সরিয়ে দিচ্ছে আজকের উপলক্ষের রোমাঞ্চ—প্রতিবেশীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা!
গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে জোয়াকিম লোর দল। এর আগে অবশ্য লিওঁতে মুখোমুখি হচ্ছে ইউক্রেন ও এবারই প্রথম ইউরোতে জায়গা করে নেওয়া উত্তর আয়ারল্যান্ড। কিন্তু প্যারিসের ম্যাচটিই সৌরভ ছড়াচ্ছে বেশি।
ফুটবলে দুটি প্রতিবেশী দেশ মুখোমুখি হলে ইতিহাস এমনিতেই যোগ করে বাড়তি উত্তেজনা। তার ওপর টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার সমীকরণেও এই ম্যাচটির ভীষণ গুরুত্ব। দুই দলই জয় দিয়ে শুরু করেছে এবারের ইউরো মিশন। আজ কোনো এক দলের হাসিটা আরও চওড়া হবে, জিতলেই নিশ্চিত দ্বিতীয় রাউন্ড।
রেকর্ড আর দলীয় শক্তি জার্মানিকেই এগিয়ে রাখে সেই দৌড়ে। দুই দলের ২০ ম্যাচের ১৩টিতেই জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। জয় পেয়েছে সর্বশেষ ইউরো বাছাইপর্বের ম্যাচে, ইউরোর মূল পর্বে মুখোমুখি হওয়া একমাত্র ম্যাচেও। উল্টো দিকে পোল্যান্ডের জয় শুধু একটি, ২০১৪ সালের অক্টোবরে।
পোল্যান্ড অবশ্য এই সবকিছুর উত্তর দেবে দুটি শব্দে—রবার্ট লেভানডফস্কি! ইউরোর বাছাইপর্বে সবচেয়ে বেশি গোল পোলিশদের (৩৩), তাতে ১৩ গোল ‘লেভা’র। তবে পোলিশ স্ট্রাইকারের বায়ার্ন মিউনিখ সতীর্থ জেরোম বোয়াটেং পুরো পোল্যান্ড দল নিয়েই সতর্ক, ‘আমাদের সতর্ক থাকতে হবে। লেভানডফস্কি ছাড়াও তাদের আরও ভালো অনেক ফরোয়ার্ড আছে। পোল্যান্ড অনেক শক্ত প্রতিপক্ষ। তবে নিজেদের খেলা খেলতে পারলে আমার বিশ্বাস, আমরাই জিতব।’
জার্মানিকে ফেবারিট মানছেন লেভাও। তবে তাতে জয়ের স্বপ্নে লাগাম তিনি পরাচ্ছেন না, ‘আমার মতে, জার্মানি টুর্নামেন্টেরই ফেবারিট। আমরা জানি ওরা কতটা শক্তিশালী। তবে যেকোনো কিছুই ঘটতে পারে।’
এমন ম্যাচের আগে ‘যেকোনো কিছুই ঘটতে পারে’-ই সবচেয়ে নির্ভুল ভবিষ্যদ্বাণী। এএফপি, রয়টার্স।
আজকের খেলা
ইংল্যান্ড–ওয়েলস
ইউক্রেন–উত্তর আয়ারল্যান্ড
জার্মানি–পোল্যান্ড