জার্মানি বড় পরীক্ষা দিয়ে এসেছে, ইংল্যান্ডের পরীক্ষা আজ

মামুনুল ইসলামছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমে উঠেছে ইউরোর নকআউট পর্ব। দর্শকদের মতো রাত জেগে বাংলাদেশ থেকে চোখ রাখছেন ফুটবলাররাও। সেই দেখা থেকেই বিশ্লেষণ করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম।

আমাদের দেশে ফুটবলপ্রেমীদের সমর্থন পুরোপুরি ঝুঁকে থাকে আর্জেন্টিনা আর ব্রাজিলের দিকে। এর বাইরেও যে দলগুলোর সমর্থক আছেন, ইংল্যান্ড ও জার্মানি থাকবে সবার ওপরে। আজ ইউরোতে এই দুই দলের দারুণ উপভোগ্য একটি ম্যাচ হতে যাচ্ছে, তা বলাই যায়। এমনিতে এই ম্যাচে দুই দলেরই সমান সুযোগ, তবে আমি জার্মানিকে কিছুটা এগিয়ে রাখতে চাই।

আমার কাছে বর্তমান সময়ে দুই দলের খেলাকে একই ঘরানার মনে হয়। প্রচুর পাস খেলে। দ্রুত কাউন্টার অ্যাটাক ও দুই উইং থেকে ক্রস। এর পেছনে পেপ গার্দিওলার একটা ভূমিকা আছে বলে আমি মনে করি। গার্দিওলা যে দেশে কোচিং করান, সে দেশের জাতীয় দলে তাঁর কৌশলের গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে। গার্দিওলা বেশ কয়েক বছর বায়ার্ন মিউনিখের দায়িত্ব পালন করায় জার্মানি দল তাঁর দ্বারা প্রভাবিত হয়েছে। গার্দিওলা জার্মানি ছাড়লেও সে প্রভাবটি এখনো রয়েছে বলে আমি মনে করি। এখন ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব পালন করায় ইংল্যান্ডও সে দিকেই ঝুঁকেছে।

জার্মানিকে এগিয়ে রাখছেন মামুনুল ইসলাম।
ছবি: রয়টার্স

ইউরোপের দুই পাওয়ার হাউসের লড়াইয়ে জার্মানিকে এগিয়ে রাখার বেশ কয়েকটি কারণ আছে। প্রথমত, ফ্রান্স ও পর্তুগালের মতো দুটি বড় দলের বিপক্ষে গ্রুপ পর্বে খেলে এসেছে তারা। ফলে দলটি বড় পরীক্ষা দেওয়ার জন্য তৈরি। অন্যদিকে ইংল্যান্ডকে তেমন কোনো পরীক্ষা দিতে হয়নি। টুর্নামেন্টে আজই ইংলিশদের সবচেয়ে বড় পরীক্ষা।

ফুটবলে মাঝমাঠের লড়াইটা খুব গুরুত্বপূর্ণ। টনি ক্রুস থাকায় সে লড়াইয়ে জার্মানিকে অবশ্যই এগিয়ে লাখতেই হবে। ক্রুসের মতো মাঝমাঠ নিয়ন্ত্রণ করার মতো মিডফিল্ডার বিশ্ব ফুটবলেই খুব কম আছে। এ ছাড়া আছে ইলকায় গুন্দোয়ান। ইংল্যান্ড দলেও ফিল ফোডেন ও ফিলিপসের মতো মিডফিল্ডার আছে। তবে জার্মানির মতো বৈচিত্র্য নেই তাঁদের।

হ্যারি কেইনের জ্বলে ওঠাটা জরুরি ইংল্যান্ডর জন্য
ছবি: রয়টার্স

আক্রমণভাগে প্রথমে ইংল্যান্ডের হ্যারি কেইনের নামই আসবে। টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে ফেললেও এখনো গোল পাননি কেইন। এই নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তবে মনে রাখতে হবে, বড় মাপের ফুটবলাররা কিন্তু বড় ম্যাচেই মোড় ঘুরিয়ে দেন। আজ জ্বলে উঠতে পারেন কেইন। এই ধরনের স্ট্রাইকাররা কয়েক ম্যাচে গোল না পেলেই গোলের জন্য অনেক বেশি ক্ষুধার্ত হয়ে ওঠেন। আবার কেইন বেশি চাপ নেওয়ায় এতে হিতে বিপরীতও হতে পারে। জার্মানির ফরোয়ার্ড লাইনে আছেন টমাস মুলারের মতো অভিজ্ঞ স্ট্রাইকার। তবে বরাবরই জার্মানির মূল শক্তির দল হিসেবে খেলা।

রাতে ইউরোতো আরেকটি ম্যাচে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে সুইডেন আর ইউক্রেন। এই ম্যাচে পরিষ্কারভাবে এগিয়ে সুইডেন। ইউরোতে সুইডেনের খেলা দেখে খুব ভালো লেগেছে। ওদের ফরোয়ার্ড লাইনে আলেক্সান্ডার আইজাক খুবই ভয়ংকর। টুর্নামেন্টে তিনি দুর্দান্ত খেলছেন। যদিও এখনো গোল করতে পারেননি। নকআউট পর্বে এই ধরনের স্ট্রাইকাররা জ্বলে উঠতে পারেন।