জার্মানিকে নিয়ে উড়ছেন মুলার
তাঁর স্ট্রাইকার ভালো খেলেছেন, এতে তো জার্মানির কোচ জোয়াকিম লোর খুশি হওয়ারই কথা। লো খুশি হয়েছেনও। তবে এই আনন্দের সঙ্গে যেন কিছুটা আক্ষেপও হচ্ছে তাঁর। এখন টমাস মুলার যে দুর্দান্ত ফর্মে, সর্বশেষ ইউরোতে এই ফর্মটা থাকলেই তো জার্মানির জন্য টুর্নামেন্টটা অন্য রকম হতে পারত।
হামবুর্গে পরশু রাতে মুলারের জোড়া গোলে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটা ৩-০ ব্যবধানে জিতেছে জার্মানি। গোল ব্যবধান আসলে ম্যাচে জার্মানির আধিপত্যটা ঠিক বোঝাতে পারবে না। ম্যাচে চেক প্রজাতন্ত্রকে কোনো সুযোগই দেয়নি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই জয়ের মূল নায়ক অবশ্যই মুলার।
অথচ এই মুলারই গত জুন-জুলাইয়ে হয়ে যাওয়া ইউরোতে কী নিষ্প্রভ ছিলেন! ২০১০ সালে নিজের প্রথম বিশ্বকাপেই জার্মানির হয়ে ৫ গোল করেছিলেন। পরের বিশ্বকাপেও আরও ৫টি, সঙ্গে শিরোপা জয়ের আনন্দ। বড় টুর্নামেন্টে মুলার মানেই গোলের নিশ্চয়তা—জার্মানরা এটাই ধরে নিয়েছিল। কিন্তু সর্বশেষ ইউরোতে মুলার যেন নিজেকে হারিয়ে খুঁজলেন, গোল পেলেন না একটিও। জার্মানিরও বিদায় হয় সেমিফাইনালেই। কোচ জোয়াকিম লো আক্ষেপ করতেই পারেন! কালও ম্যাচ শেষে লোর কথায় থাকল সেই আক্ষেপের সুর, ‘কেন যে সে ইউরোতে গোল পেল না, এটা ব্যাখ্যা করা কঠিন। দুর্ভাগ্য ছাড়া আর কিছু বলতে পারছি না।’ প্রথম ম্যাচে নরওয়েকে ৩-০ গোলে হারানো জার্মানি টানা দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে এখন ‘সি’ গ্রুপের শীর্ষে। নরওয়ের বিপক্ষে ম্যাচেও জোড়া গোল করেছিলেন মুলার।
মুলারের জার্মানির মতো বিশ্বকাপ বাছাইপর্বে জিতেছে ইংল্যান্ডও। ড্যানিয়েল স্টারিজ ও ডেলে আলীর গোলে মাল্টাকে ২-০ গোলে হারিয়েছে ১৯৬৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। তবে রাতটা খুব বাজে গেছে ইংল্যান্ড অধিনায়ক ওয়েইন রুনির। ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইদানীং খুব বাজে ফর্ম যাচ্ছে। একাদশে জায়গা হারিয়েছেন। ইংল্যান্ডের হয়ে একাদশে থাকলেও সমর্থকদের মন জিততে পারেননি। কিক-অফের আগে রুনির নাম ঘোষণার সময় প্রথমবার দুয়ো দিয়েছেন ওয়েম্বলির দর্শকেরা। পরে ম্যাচে তাঁর একটা শট ক্রসবারের ওপর দিয়ে বাইরে যাওয়ায় আবারও গ্যালারি মুখরিত হয়েছে বিদ্রূপ-ধ্বনিতে।
এটুকু বাদ দিলে ইংল্যান্ডের জন্য জয়টা স্বস্তিরই। স্যাম অ্যালারডাইস বরখাস্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ গ্যারেথ সাউথগেটের অধীনে এটা ছিল ইংল্যান্ডের প্রথম ম্যাচ। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষেও এখন ইংল্যান্ড।
পরশু বাছাইপর্বে সবচেয়ে দুর্দান্ত রাত কেটেছে অবশ্য পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির। বায়ার্ন মিউনিখ স্ট্রাইকারের হ্যাটট্রিকে ডেনমার্ককে ৩-২ গোলে হারিয়েছে পোল্যান্ড। এএফপি, রয়টার্স।
এক নজরে
আর্মেনিয়া ০: ৫ রোমানিয়া
ইংল্যান্ড ২: ০ মাল্টা
মন্টেনেগ্রো ৫: ০ কাজাখস্তান
জার্মানি ৩: ০ চেক প্রজাতন্ত্র
উত্তর আয়ারল্যান্ড ৪: ০ সান ম্যারিনো
পোল্যান্ড ৩: ২ ডেনমার্ক
স্লোভেনিয়া ১: ০ স্লোভাকিয়া