জার্মানিকে হারানোর আনন্দে উদ্বেল ব্রিটিশ সংবাদমাধ্যম
জার্মানির বিপক্ষে যুদ্ধজয়ের আনন্দ? তা বলাই যায়। কাল ওয়েম্বলিতে ইংল্যান্ড ফুটবলারদের জয়োৎসব বাদ দিন, গ্যালারিতে ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করলেন, সেটা তো গোটা ইংল্যান্ডেরই ছবি!
পাঁচ–দশ বছর হলেও কথা ছিল, দীর্ঘ ৫৫ বছর পর বড় টুর্নামেন্টের নকআউট পর্বে জার্মানিকে হারানোর স্বাদ নিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। দেশ তো বটেই, দেশটির সংবাদমাধ্যমেরও উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কথা। এমনিতেই নিজেদের সাফল্যকে রং চড়িয়ে উপস্থাপনের সুখ্যাতি–কুখ্যাতি—দুটোই আছে ব্রিটিশ সংবাদমাধ্যমের। আর কালকের জয়টা তো এককাঠি সরেস।
কে না জানে, ক্রীড়াঙ্গনে জাতীয় দলের যেকোনো সরেস কাজ আরও সরেসভাবে উপস্থাপন করে থাকে ব্রিটিশ সংবাদমাধ্যম। ডেইলি মিরর যেমন এখনো তিন ধাপ বাকি থাকতেই ইউরো জয়ের স্বপ্ন দেখছে। সংবাদমাধ্যমটির শিরোনাম, ‘স্বপ্ন দেখার সময়’।
ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান জার্মানির বিপক্ষে পাঁচ দশকের বেশি সময় পর জয় এবং জাতীয় ফুটবল দল নিয়ে গানের (থ্রি লায়নস, ইটস কামিং হোম) একটি লাইন ধরে শিরোনাম করে, ‘৫৫ বছরের দুঃখও আমাদের হৃদয় বিদীর্ণ করেনি, রাহিমিং’। রাহিম স্টার্লিংয়ের নামটা এভাবে খেলার কারণ, ইংল্যান্ড জাতীয় দলের গান (দলের তকমাও) ‘থ্রি লায়নস’–এর ‘ইটস কামিং হোম’ ধরে।
ডেইলি এক্সপ্রেসের শিরোনাম তাদের বাস্তবতাবাদী পাঠকদের ধরে। ১৯৬৬ বিশ্বকাপ ফাইনালের পর থেকে টানা ৫৫ বছর চারটি বড় টুর্নামেন্টের নকআউট পর্বে জার্মানির বিপক্ষে জয়বঞ্চিত ইংল্যান্ড। এর পাশাপাশি ওয়েম্বলিতে আগের সাত ম্যাচেই অপরাজিত ছিল জার্মানি। ইংল্যান্ডের অনেক সমর্থকই কিন্তু কাল রাতে ম্যাচে জার্মানির বিপক্ষে জয় দেখেননি। অনেকের কাছে এই জয় স্বপ্নের মতো মনে হতে পারে, এই ভাবনা থেকে ডেইলি এক্সপ্রেসের শিরোনাম ‘না, এটা স্বপ্ন ছিল না!’
ব্রিটেনের আরেক ট্যাবলয়েড মেইল অনলাইন শিরোনামের বিষয়বস্তু নিয়েছে ওয়েম্বলির গ্যালারিতে উপস্থিত রাজপরিবার থেকে। প্রিন্স উইলিয়াম এবং তাঁর স্ত্রী কেট মিডলটনের সঙ্গে ছিলেন তাঁদের সন্তান প্রিন্স জর্জ। স্টার্লিং ও কেইনের গোলে করতালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন জর্জ। সংবাদমাধ্যমটির শিরোনাম ‘বাই জর্জ, উই ডিড ইট!’
এর সঙ্গে রাজপরিবারের ছবিও জুড়ে দিয়েছে তারা। সংবাদমাধ্যম মেট্রো আগের ৫৫ বছরের জয়খরা কাটানোকে টেনে এনেছে শিরোনামে, ‘দুর্ভাগ্য কাটল’। এর সঙ্গে পাতাজুড়ে হ্যারি কেইনের ছবি।
ডেইলি স্টার পাঠকদের সংগ্রহে রাখার জন্য একটি বিশেষ স্যুভেনির সংস্করণ প্রকাশ করে, যেখানে শিরোনাম ‘ইংল্যান্ড জার্মানির কাছে হারে না’। বটে! গার্ডিয়ানের শিরোনাম ‘স্বপ্ন থেকে জেগে নতুন আলোর দিশা পাওয়ার মতো’ এই জয়।
টাইমস তাদের শিরোনামে টেনে এনেছে ইংল্যান্ডের বর্তমান কোচ গ্যারেথ সাউথগেটের ১৯৯৬ ইউরোয় জার্মানির বিপক্ষে পেনাল্টি মিসে বিদায়ের ঘটনা। তাদের শিরোনাম ‘সাউথগেটের প্রতিশোধ’। টেলিগ্রাফের শিরোনাম, ‘শেষ পর্যন্ত আনন্দ করার মতো কিছু মিলল’।