জার্মানিকে হারিয়ে ফাইনালে যুক্তরাষ্ট্র
কী দারুণভাবেই না চার বছর আগের দুঃস্বপ্ন ভুললেন কার্লি লয়েড! ২০১১ বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে পেনাল্টি মিস করেছিলেন, এবার সেটি পুষিয়ে দিলেন পেনাল্টি থেকে গোল করেই। তাঁর পেনাল্টি গোলের সঙ্গে কেলি ও’হারার গোল মিলিয়ে জার্মানিকে কাল ২-০ ব্যবধানে হারিয়ে মেয়েদের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠে গেছে যুক্তরাষ্ট্র। ৫ জুলাইয়ের ফাইনালে যুক্তরাষ্ট্রের সামনে দাঁড়াবে জাপান-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীরা।
মন্ট্রিয়লের গ্যালারিতে যেমন সংখ্যায় বেশি ছিল যুক্তরাষ্ট্রের সমর্থকেরা, ঠিক এটিরই ছাপ যেন ছিল মাঠের খেলাতেও। দুবারের চ্যাম্পিয়ন জার্মানির চেয়ে যুক্তরাষ্ট্রেরই বেশি দাপট ছিল খেলায়। তবে প্রথম গোলটি পেতে ৬৯ মিনিট অপেক্ষা করতে হয় মার্কিন মেয়েদের, পেনাল্টি থেকে যেটি করেছেন লয়েড। পেনাল্টিতে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। কিন্তু এতেও দূর হয়নি অনিশ্চয়তা, সেটি দূর হয়েছে শেষ বাঁশি বাজার মিনিট ছয়েক আগে বদলি ডিফেন্ডার ও’হারার গোলে। একটা পেনাল্টি গোল যেমন সৌভাগ্য হয়ে এসেছে যুক্তরাষ্ট্রের কাছে, জার্মানির কাছে সেটিই ছিল দুর্ভাগ্যের কারণ। ৬০ মিনিটের সময় এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা জার্মানির সেলিয়া সাসিচ পেনাল্টি মিস না করলে ম্যাচের ভাগ্য অন্য রকমও হতে পারত। ঘটনা হলো, সেটি হয়নি। টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের গোলপোস্ট থাকল অক্ষত, আর গোলরক্ষক হোপ সোলো ছুঁলেন তাঁর পূর্বসূরি ব্রিয়ানা স্কারির টানা ১০ ম্যাচ গোল না-খাওয়ার রেকর্ড। এএফপি।