জার্মানিতে ২৮তম বাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াইল্ড কার্ড নিয়ে আগামী আগস্টে রিও অলিম্পিকে যাবেন আবদুল্লাহ হেল বাকি। তার আগে নিজেকে প্রস্তুত করছেন জার্মানিতে অনুষ্ঠানরত মিউনিখ বিশ্বকাপে।
কাল মিউনিখ বিশ্বকাপে ১১৪ জনের মধ্যে ২৮তম হয়েছেন কমনওয়েলথ গেমসের রুপাজয়ী শ্যুটার। ৬২৪.৮ স্কোর করেছেন, যেটি এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ার-সেরা স্কোর। এর আগে সর্বোচ্চ স্কোর করেছিলেন গত মাসে রিও বিশ্বকাপে—৬২২.৮। বাকির সঙ্গে জার্মানিতে যাওয়া আরেক শ্যুটার এসএ গেমসে রুপাজয়ী শোভন চৌধুরীর স্কোর ৬২১। ১১৪ জনের মধ্যে ৬১তম শোভন। বাকি গত কমনওয়েলথ গেমসে স্কোর করেছিলেন ৬২০। সেখান থেকে শ্যুটঅফে যাওয়া বাকি শেষ পর্যন্ত রুপা জিতেছিলেন। ইদানীং আন্তর্জাতিক টুর্নামেন্টে বাকির স্কোরের উন্নতি হচ্ছে নিয়মিত, এর পেছনে রয়েছেন বর্তমান কোচ ক্লাউস ক্রিস্টিয়ান। বাংলাদেশে না এলেও নিয়মিত অনলাইনে বাকি-শোভনদের পরামর্শ দেন কোচ। এবার ডেনমার্ক থেকেই জার্মানিতে গিয়ে বাকিদের সঙ্গে যোগ দেন এই ডেনিশ কোচ।