জার্মানির আক্ষেপ, আইরিশদের উচ্ছ্বাস

আইসল্যান্ড মূল পর্বে জায়গা করে নিয়েছে আগেই, ইতিহাস গড়ে পরশু ২০১৬ ইউরোতে জায়গা নিশ্চিত করেছে উত্তর আয়ারল্যান্ডের মতো ছোট দল। অথচ সবার আগে যাদের ওই জায়গাটায় পা রাখার কথা ছিল, সেই বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে কিনা ফ্রান্সের টিকিটের জন্য থাকতে হচ্ছে শেষ দিনের অপেক্ষায়!
ড্র হলেই চলত, এমন ম্যাচে ডাবলিনে গত পরশু আয়ারল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে গেছে জার্মানি। স্কটল্যান্ড-পোল্যান্ড ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়াতেই জটিল হয়ে গেছে এই গ্রুপের সমীকরণ। জার্মানি না পারলেও নিজেদের কাজটা ঠিকই গুছিয়ে নিয়েছে রোনালদোর পর্তুগাল, ডেনমার্ককে হারিয়ে তারা নিশ্চিত করেছে চূড়ান্ত পর্ব।
ম্যাচের আগে মাত্র দুটি সেশন একসঙ্গে অনুশীলন করেছে পুরো দল। সেটির প্রভাবই কি পড়ল জার্মানির খেলায়? ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই ছিল, তবে আক্রমণে প্রথাগত ‘নিখুঁত’ জার্মানির দেখা মেলেনি। একের পর এক সুযোগ নষ্ট করেছেন মুলার-ওজিলরা। জার্মানির গোল নষ্ট করার উল্টো দিকে আয়ারল্যান্ড গোল পেয়ে গেছে ৭০ মিনিটে। বদলি আইরিশ গোলরক্ষকের ‘লং’ বল
ধরে দুর্দান্ত গোল করেছেন বদলি স্ট্রাইকার শেন লং।
ম্যাচের পর জার্মান কোচ জোয়াকিম লোর কণ্ঠে ঝরল আক্ষেপ, ‘অনেক সুযোগ তৈরি করেছি, নষ্টও করেছি বেশ কয়েকটি। গত কয়েক বছরে এটিই আমাদের সবচেয়ে অযাচিত হার। অমন ৯৯টি লম্বা বল আমরা ঠেকিয়ে দিয়েছি, কিন্তু ১০০তমটা একটু বেশিই হয়ে গেল।’
জার্মানিকে হারানোয় আয়ারল্যান্ডের সমর্থকদের উল্লাসই যেন আরও জোরালো প্রতিধ্বনি তুলেছে প্রতিবেশী উত্তর আয়ারল্যান্ডে। প্রায় ৫০০ কিলোমিটার সীমান্ত আর নিত্য কূটনৈতিক জটিলতা ছাপিয়ে দুই আয়ারল্যান্ডকে পরশু এক বিন্দুতে এনেছে ফুটবলের আবেগ। জার্মানিকে হারিয়ে যে স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আয়ারল্যান্ড, বেলফাস্টে গ্রিসকে ৩-১ গোলে হারিয়ে সেটিকেই বাস্তবে রূপ দিয়েছে উত্তর আয়ারল্যান্ড। ১৯৮৬ বিশ্বকাপের পর এই প্রথম কোনো বড় টুর্নামেন্টে খেলতে যাচ্ছে দেশটি, ইউরোতে এই প্রথম।
গ্লাসগোতে পোল্যান্ডের ম্যাচেও সক্রিয় ‘গোলমেশিন’ লেভানডফস্কি, করেছেন জোড়া গোল। এই ম্যাচের ৯৪ মিনিটের গোলটা সম্ভবত আগুনে ফর্মে থাকা লেভার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ গোল। এই গোলেই ড্র, সেটি থেকে পাওয়া এক পয়েন্টই জিইয়ে রেখেছে পোল্যান্ডের সরাসরি চূড়ান্ত পর্বে যাওয়ার স্বপ্ন।
একমাত্র গোলে জয়ের ‘অভ্যাস’ ধরে রেখে চূড়ান্ত পর্বে উঠে গেছে পর্তুগাল। বাছাইপর্বে প্রথম ম্যাচে হারের পর টানা ছয়টিতে জিতেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল, চারটিরই ব্যবধান ১-০। রোনালদো নন, গোলদাতা জোয়াও মুটিনহো। এএফপি, উয়েফা।