জার্মানির ইউরো নিশ্চিত

ম্যাক্স ক্রুসকে বড়সড় ধন্যবাদ দিতেই পারেন জার্মান কোচ জোয়াকিম লো। ৭৮ মিনিটে ক্রুস যদি ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ না হতেন, তাহলে জার্মানির কপালে কী থাকত, কে জানে! শক্তিমত্তায় অনেকটা পথ পিছিয়ে থাকা জর্জিয়ার সঙ্গে লড়তে গিয়ে যেভাবে কালঘাম ছুটে গেল বিশ্ব চ্যাম্পিয়নদের, তাতে চিন্তিত হতেই পারেন কোচ লো। তবে সবকিছু ছাপিয়ে তাঁর আপাত স্বস্তি আগামী বছর ফ্রান্সে ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বের টিকিট বুকিং দিয়ে ফেলাটা।
জর্জিয়ার বিপক্ষে ৭৮ মিনিটে ওই ক্রুসের গোলেই জার্মানির জয় ২-১ গোলে। প্রথম গোল পেতে ৫০ মিনিট পর্যন্ত অপেক্ষা করার পর তা আবার শোধ হয়ে যাওয়াটা বিরাট এক ধাক্কাই হয়ে ছিল জার্মানদের জন্য। কিন্তু ক্রুসের গোল শেষ পর্যন্ত দিয়েছে স্বস্তির উপলক্ষ। ৫০ মিনিটে পেনাল্টি থেকে জার্মানিকে এগিয়ে দিয়েছিলেন টমাস মুলার। পিছিয়ে পড়ার ঠিক ৩ মিনিটের মাথাতেই ম্যাচে সমতা ফিরিয়ে আনেন জর্জিয়ার অধিনায়ক জাভা কানকাভা। ২০ মিটার দূর থেকে চকিত শটে করা তাঁর গোলটি কিন্তু ছিল দারুণ দর্শনীয়।
প্রথম গোলের জন্য জার্মানি কীভাবে ৫০ মিনিট অপেক্ষায় রইল, সেটা এক রহস্য। ম্যাচের শুরু থেকে যেভাবে দুর্বল জর্জিয়ার জার্মান ফরোয়ার্ডরা ঝাঁপিয়েছিল তাতে গোল আরও আগেই এসে যাওয়ার কথা। কিন্তু সমর্থকদের উৎকণ্ঠায় রেখে জার্মানরা নষ্ট করতে থাকে একের পর এক সুযোগ। প্রথমার্ধেই প্রায় চারটির মতো নিশ্চিত সুযোগ নষ্ট করে বিশ্ব চ্যাম্পিয়নরা। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটির কথা মনে করতে করতেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন মুলার। ৫৩ মিনিটে কানকাভার দুর্দান্ত গোলটি জার্মানিকে ব্যাকফুটে ঠেলে দিলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতারই জয় হয় ক্রুসের গোলে। মেসুত ওজিলের পাস থেকে ক্রুসের লক্ষ্যভেদ ছিল একেবারেই চুলচেরা। সূত্র: রয়টার্স।