জার্মানির চেয়েও দামি বেলজিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির চেয়েও দামি হ্যাজার্ডের দল। ফাইল ছবি।
জার্মানির চেয়েও দামি হ্যাজার্ডের দল। ফাইল ছবি।

ডেভিড গেটার কনসার্ট দিয়ে আজ উদ্বোধন। এরপর ২৪টি ঘণ্টার অপেক্ষা। কাল থেকে স্বমহিমায় উপস্থিত হচ্ছে ইউরো ২০১৬! রেফারির বাঁশি বাজতেই সব মনোযোগ চলে যাবে মাঠের ফুটবলে। কে ফেবারিট সেই আলোচনা উঠবে, কে জিতবে সেই হিসেব আসবে। যেমন এই মুহূর্তে ফেবারিটদের তালিকা করলে সবার আগে হয়তো ঘুরেফিরে জার্মানি, ফ্রান্স আর স্পেনের নামই আসবে।
তবে মাঠের ফুটবলের বাইরেও অনেক হিসেব-নিকেশ থাকে। তাতে একটা দিকে অবশ্য সবার চেয়ে এগিয়ে বেলজিয়াম। জার্মানি-ফ্রান্সের মতো দলকে অনেক পেছনে ফেলে এই ইউরোতে স্কোয়াডের দামের হিসেবে শীর্ষে আছে হ্যাজার্ড-ডি ব্রুইনদের দল।
জুয়াড়িদের ‘প্রফিট এক্যুমুলেটরে’র বিশ্লেষণ, মার্ক উইলমটসের দলের ২৩ সদস্যের দলবদল মূল্য যোগ করলে দাঁড়ায় ৩১৮.৯ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি টাকায় ৩ হাজার ৬১৫ কোটিরও ওপরে! বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিও এখানে হার মেনেছে বেলজিয়ামের কাছে। মুলার-ওজিল-গোটশেদের পুরো দলের দাম এর চেয়ে ৫০ মিলিয়ন পাউন্ড কম (২৬৪.৫ মিলিয়ন পাউন্ড, ২ হাজার ৯৯৮ কোটি টাকার একটু বেশি)।
তালিকায় তৃতীয় ইংল্যান্ডের স্কোয়াডের মূল্য ১৮৯.৭ মিলিয়ন পাউন্ড (২ হাজার ১৫০ কোটি টাকার ওপরে)। আর টুর্নামেন্টের স্বাগতিক ও হট ফেবারিট ফ্রান্সের মূল্য ১৮৩ মিলিয়ন পাউন্ড (টাকায় ২ হাজার ৭৪ কোটির কিছু বেশি)। সবচেয়ে কম দামী দল ইউক্রেন। একটু আশ্চর্যই বটে, আন্দ্রিই ইয়ারমোলেঙ্কো, ইয়েভেন কনোপ্লিয়াঙ্কার মতো খেলোয়াড় থাকার পরও দলটির দাম নাকি মাত্র ৬.২ মিলিয়ন পাউন্ড (৭ কোটি টাকার বেশি)।
বেলজিয়ামের সবচেয়ে দামি হওয়াটা অবশ্য আশ্চর্যের কিছুও ঠিক নয়। ফুটবলে এটি দেশটির ‘সোনালি প্রজন্ম’। একের পর এক প্রতিভা উঠে আসছে। মজা করে তো এমনও বলা হয়, কোনো নতুন খেলোয়াড়ের জাতীয়তা না জানলে, একটু ঝুঁকি নিয়ে ধরে নেওয়া যায় সে বেলজিয়ামের খেলোয়াড়। এই প্রতিভাগুলোরই দলবদলের বাজারে দাম উঠছে কোটি কোটি ডলার। ইউরোতে বেলজিয়ামের ২৩ সদস্যের দলেই যেমন, কেভিন ডি ব্রুইনের (ম্যানচেস্টার সিটি) দাম ৫৫ মিলিয়ন পাউন্ড, এডেন হ্যাজার্ডকে কয়েক বছর আগে চেলসি কিনেছিল ৩২ মিলিয়ন পাউন্ড দিয়ে। এমনকি এখন যিনি নিয়মিত দলে সুযোগ পান না, সেই ক্রিস্টিয়ান বেনটেকেকেও গত মৌসুমে লিভারপুল কিনেছে ৩২.৫ মিলিয়ন পাউন্ড দিয়ে।
তবে ব্যক্তিগতভাবে অবশ্য এঁরা কেউ ‘সেরা’ নন। সেখানে গোটা বিশ্বেই সবার চেয়ে বেশি দাম গ্যারেথ বেল (৮৬ মিলিয়ন পাউন্ড), দ্বিতীয় বেলেরই রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো (৮০ মিলিয়ন পাউন্ড)। মজার ব্যাপার, শুধু এই দুজনের দামই চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির পুরো স্কোয়াডের চেয়ে বেশি! সূত্র: রয়টার্স।