কনফেডারেশনস কাপের জন্য ঘোষিত দলটা দেখেই বোঝা গিয়েছিল জোয়াকিম লো এবার কী লক্ষ্য নিয়ে রাশিয়া আসছেন। সেটি হাবেভাবে কয়েকবার বলেছেনও জার্মানি কোচ—শিরোপা এলে বোনাস, তবে এই টুর্নামেন্টে তাঁর মূল উদ্দেশ্য রাশিয়াতেই আগামী বিশ্বকাপের জন্য তরুণ কিছু খেলোয়াড়কে ‘বাজিয়ে দেখা’।
লো বাজিয়ে দেখছেন, কিন্তু জার্মানির সুরটা কোথাও এখনো কাটেনি। টুর্নামেন্টের তরুণতম দলটিই উঠে গেছে সেমিফাইনালে। কোচের মূল উদ্দেশ্য কমবেশি পূরণ হয়ে গেছে, তবে খেলোয়াড়দের চোখ ঠিকই আটকে আছে ‘বোনাসে’। স্ট্রাইকার টিমো ভেরনার সরাসরিই বলে দিলেন, তাঁরা শিরোপাও জিততে চান।
যতই তরুণ হোক, দলটার নাম জার্মানি। শিরোপা তারা জিততেই পারে। তবে সে পথে আজ বড় বাধাই তাদের সামনে। বাংলাদেশ সময় রাত ১২টায় কনফেডারেশনস কাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ সেই বাধার নাম মেক্সিকো।
গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ৩-১ গোলে জয়ে জোড়া গোল করেছেন ভেরনার। সেই আত্মবিশ্বাস থেকেই হয়তো ২১ বছর বয়সী স্ট্রাইকার জার্মানির চাওয়াটা স্পষ্ট জানিয়ে দিলেন, ‘মেক্সিকো অনেক কঠিন প্রতিপক্ষ। অবশ্যই আমাদের যা কিছু আছে, সবটুকুই মাঠে ঢেলে দিতে হবে। তবে আমরা এতদূর এসে নিশ্চয়ই এটা বলব না, “আচ্ছা, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলা বা ফাইনালে উঠতে পারাই যথেষ্ট!” টুর্নামেন্টটা আমরা জিততে চাই।’
টুর্নামেন্ট জেতার জন্য ফাইনালে উঠতে হবে, আর সে জন্য সেমিফাইনালটা জিততে হবে। সেই লক্ষ্যেই আজকের ম্যাচে লো ফিরতে পারেন টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচের একাদশে। ক্যামেরুনের বিপক্ষে তরুণ দলটিরও দ্বিতীয় সারির একাদশ নামিয়েছিলেন। প্রথম দুই ম্যাচেই গোল পাওয়া স্ট্রাইকার লারস স্টিন্ডল আজ ফিরতে পারেন। রক্ষণে ফিরতে পারেন শকোদ্রান মুস্তাফিও। মেক্সিকোর জন্য সুখবর, গত সোমবার অনুশীলনে চোট পাওয়া স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ সেরে উঠেছেন।
তবে একটা দুশ্চিন্তা আছে মেক্সিকো কোচ হুয়ান কার্লোস ওসোরিওর। তাঁর দল ম্যাচের শেষটা দুর্দান্ত করে, কিন্তু ভজকট পাকায় শুরুতেই! গ্রুপের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে শেষ মুহূর্তের গোলে, নিউজিল্যান্ড ও রাশিয়ার বিপক্ষে পরের দুটি ম্যাচ ২-১ গোলে জিতলেও দুই ম্যাচেই শুরুতে পিছিয়ে পড়েছে। সমস্যাটা চোখ এড়ায়নি ডিফেন্ডার নেস্তর আরাউজোর, ‘প্রথমার্ধের পারফরম্যান্স আমাদের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। ছন্দে আসতেই আমাদের সমস্যা হচ্ছে, যে কারণে ম্যাচের শুরুতে আমরা একটু ভুগছি।’
সমস্যাটা কাটিয়ে উঠতে না পারলে ফাইনালে ওঠাটা কঠিনই হবে মেক্সিকোর জন্য। ফিফাডটকম