জার্মানির দেখানো পথে ব্রাজিল
পুরোনো সেই কথাটাই তাহলে আরও একবার সত্যি হতে যাচ্ছে, যদি তুমি কাউকে হারাতে না পারো, তবে তার সঙ্গে যোগ দাও! ব্রাজিলও এবার সেই পথেই হাঁটছে। গত বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭ গোল খেয়ে চুরমার হয়ে গিয়েছিল তাদের ষষ্ঠ শিরোপার স্বপ্ন। নতুন কোচ কার্লোস দুঙ্গার অধীনে বিশ্বকাপ-পরবর্তী সময়টা মন্দ যাচ্ছে না ব্রাজিলের। কিন্তু এটুকুতে কি আর সন্তুষ্ট থাকার মতো দল ব্রাজিল! বিশ্ব ফুটবলের রাজদণ্ডটা সবচেয়ে বেশি সময় তাদের হাতেই ছিল। সেই সিংহাসন এখন জার্মানির দখলে। সেটি পুনরুদ্ধারের সুদূরপ্রসারী পরিকল্পনা নিতে গিয়ে জার্মান মডেলই অনুসরণ করছে ব্রাজিল। বছর আটেক আগে বেলজিয়ামভিত্তিক একটি ফুটবল পরামর্শক সংস্থার পরামর্শ নিয়েই বদলে যায় জার্মান ফুটবল। এবার ওই সংস্থাটিকেই নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
‘ডাবল পাস’ নামে বেলজিয়ামের এই ফুটবল পরামর্শক সংস্থাটিকে ২০০৭ সালে দায়িত্ব দিয়েছিল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। জার্মান ঘরোয়া ফুটবলের প্রথম ও দ্বিতীয় বিভাগের সবগুলো ক্লাব এবং দেশটির পুরো ফুটবল কাঠামো নিয়ে দীর্ঘ গবেষণা চালায় সংস্থাটি। সেই গবেষণালব্ধ ফল অনুযায়ীই দেশটির ঘরোয়া ফুটবলের অবকাঠামো, সাংগঠনিক শক্তি ও দুর্বলতা, আর্থিক পরিকল্পনা, বয়সভিত্তিক ফুটবলের সুযোগসুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ অনেক পরামর্শ দেয় ডাবল পাস। গবেষণা প্রতিবেদনে দেশটির সর্বোচ্চ দুটি বিভাগের প্রতিটি ক্লাবকে আলাদা রেটিংও করা হয়। ওই পরামর্শ মেনেই দেশটির সর্বোচ্চ পর্যায়ের প্রতিটি ক্লাবের জন্য একাডেমি, বয়সভিত্তিক দলের কোচ, পর্যাপ্ত অনুশীলন মাঠ, স্বাস্থ্যসেবা থাকা বাধ্যতামূলক করে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। ফল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। গত বিশ্বকাপের ট্রফি জেতা ছাড়াও ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো—দুটিতেই তৃতীয় হওয়া জার্মান দলটির সাম্প্রতিক উত্থানের পেছনে ওই সুদূরপ্রসারী পরিকল্পনার একটা বড় ভূমিকা আছে বলে মনে করা হয়। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর ম্যাথিয়াস সামার যেমন বলেছেন, ‘ডাবল পাসের ওই পরামর্শ অনুযায়ী আমরা জার্মানির সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রতিটি বিভাগের ক্লাবের জন্য আলাদা নির্দেশনা তৈরি করেছি। জার্মান ফুটবলের এখনকার অবকাঠামোর পেছনে ওই পরিকল্পনার একটা বড় ভূমিকা আছে।’
জার্মানির এই সাফল্যের পর ডাবল পাসের সাহায্য চেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ, বেলজিয়ান প্রো-লিগ ও যুক্তরাষ্ট্রের কয়েকটি ফুটবল ক্লাবও। এরই ধারাবাহিকতায় এবার ডাবল পাসের দ্বারস্থ ব্রাজিল ফুটবল কনফেডারেশনও। ব্রাজিল সংবাদমাধ্যমের খবর, জার্মান মডেল অনুসরণ করেই নিজেদের ফুটবল কাঠামো সংস্কার করতে চায় সিবিএফ। কিছু পরিকল্পনা আর তার সফল বাস্তবায়ন যদি জার্মানিকে এতটা বদলে দিতে পারে, তাহলে ব্রাজিলকে কেন নয়! সিনহুয়া।