জার্মানির বিপক্ষে প্রতিশোধ চায় ফ্রান্স

আইসল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে কোয়ার্টার ফাইনালে। সামনে সেমিফাইনাল আর সেখানে প্রতিপক্ষ প্রবল প্রতাপশালী জার্মানি। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষেও কি এই ফর্মটা ধরে রাখতে পারবে ফ্রান্স? জোড়া গোল করে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয়ের নায়ক অলিভিয়ের জিরু কিন্তু আত্মবিশ্বাসী, ফাইনাল তারাই খেলবেন। আর সেই ফাইনালে যাওয়ার আগে জার্মানির সঙ্গে একটা পুরোনো হিসাবও চুকাতে চায় ফ্রান্স।
কী হিসাব? সর্বশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই জার্মানির কাছে ১-০ গোলে হেরেই বিদায় নিয়েছিল ফ্রান্স। মারাকানায় ওই ম্যাচে খেলা দুই দলের বেশির ভাগ খেলোয়াড়ই আছেন এবারের ইউরোতেও। জিরু নিজেও নেমেছিলেন ম্যাথু ভালবুয়েনার বদলি হিসেবে।
ওই ম্যাচে খেলেছিলেন বলেই হারের যন্ত্রণাটা এখনো ভুলতে পারেননি জিরু। এবার ইউরোর সেমিফাইনালে জার্মানির বিপক্ষে সেটির বদলা নিতে চান জিরু, ‘আমাদের খুব ইচ্ছে, বিশ্বকাপে যা হয়েছিল সেটি এখানে বদলে দেওয়ার। যদিও আমরা এর মাঝে ওদেরকে প্রীতি ম্যাচে হারিয়েছি একবার, কিন্তু এই ম্যাচটা অন্যরকম।’
যদিও জার্মানি যে দুর্দান্ত ফর্মে আছে, তাতে কাজটা মোটেও সহজ হবে না বলেই মনে করেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম, ‘মনে রাখা দরকার, আমরা বিশ্বসেরা দলটার বিপক্ষে খেলব।’
জিরু নিজেও জানেন বাস্তবতা, ‘ওরা (জার্মানি) শুধু বিশ্ব চ্যাম্পিয়নই নয়, বড় আসরে প্রায়ই শেষ চারে খেলে অভ্যস্ত।’ তবে এই জায়গায় স্বাগতিক হওয়ার সুবিধাটা কাজে লাগাতে চান ফরাসি স্ট্রাইকার, ‘আশা করছি প্যারিসে (আইসল্যান্ডের বিপক্ষে) সবাই আমাদের যে সমর্থন দিয়েছেন, সেটি মার্শেইতেও (জার্মানির বিপক্ষে) থাকবে। আমরা ভাগ্যবান যে নিজেদের দর্শকদের সামনে খেলতে পারছি।’
এই ফর্মটা ধরে রাখতে পারলে জয় ফ্রান্সেরই হবে বলে বিশ্বাস জিরুর, ‘দল যেভাবে খেলছে তাতে আমরা দারুণ গর্বিত। আশা করছি আরও একবার সঠিক ফলটাই পাব।’ গোল ডটকম।