জার্মানির রাজমুকুট, স্পেনের পতন ও ব্রাজিলের ট্র্যাজেডি

সাও পাওলোয় মার্সেলোর আত্মঘাতী গোলে শুরু। মারাকানায় মারিও গোটশের অতিরিক্ত সময়ের গোলে শেষ। মাঝের ওই একটা মাসে বিশ্বকাপ কারও জন্য হয়ে উঠেছে স্বপ্নপূরণের মঞ্চ, লিখেছে কারও স্বপ্নভঙ্গের গল্পও। ফুটবলের তীর্থভূমিতে ফুটবলের মহাযজ্ঞ জন্ম দিয়েছে কত রূপকথার। তবে গোলবন্যা, আমাজনের জঙ্গলে নাভিশ্বাস ওঠা, প্রশ্নবিদ্ধ রেফারিং, প্রযুক্তির নতুনত্ব আর মৃত্যুকূপের চমক—সব ছাপিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপের গল্প একটাই। স্প্যানিশ সাম্রাজ্যের অবসান ঘটিয়ে জার্মানির রাজমুকুট নিয়ে ফেরা।
আসর শুরুর আগের বিক্ষোভ-শঙ্কা ভুলিয়ে দিয়ে ব্রাজিল বিশ্বকাপ পাবে ইতিহাসের অন্যতম সেরা আয়োজনের মর্যাদা। কিন্তু আয়োজক হিসেবে এই সফলতা কি আর বিশ্বকাপে ব্যর্থতার ক্ষতে প্রলেপ দিতে পারে! বিশ্বকাপের সফলতম দেশটি এবার হজম করেছে সবচেয়ে বেশি ১৪টি গোল। সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের হার ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় লজ্জা, ১৯৫০ বিশ্বকাপে ‘মারাকানাজো’র পরে সেলেসাওদের ফুটবলে সবচেয়ে বড় ট্র্যাজেডি।
অঘটনের শিকার হয়েছে ইতালি, ইংল্যান্ড ও স্পেনও। সাবেক তিন বিশ্ব চ্যাম্পিয়নই বিদায় নিয়েছে গ্রুপপর্ব থেকে। তবে স্পেনের অসহায় আত্মসমর্পণ ছাড়িয়ে গেছে বুঝি সবার কল্পনাকে! ব্রাজিলে গিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে। অথচ প্রথম দুই ম্যাচে হল্যান্ড আর চিলির কাছে ৭ গোল খেয়ে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা শুনেছে! পরাশক্তিদের এমন হতাশার বিশ্বকাপে আলো ছড়িয়েছে কোস্টারিকা, কলম্বিয়ার মতো কম আলোচনায় থাকা দলগুলো। নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে সাফল্যময় বিশ্বকাপ কাটানো দুটি দলই পেয়েছে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার স্বাদ।
নতুনত্বও কম ছিল না। ভ্যানিশিং স্প্রের যাত্রা শুরু হয়েছে ব্রাজিল বিশ্বকাপে। গোললাইন প্রযুক্তির সফল সূচনা হয়েছে ফ্রান্স-হন্ডুরাস ম্যাচ দিয়ে। দেখা গেছে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ‘কুলিং ব্রেক’ও।

দেখা মিলেছে নতুন তারারও। আর সেই নতুন তারাদের মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে ঝলমলে ছিলেন কলম্বিয়ান মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। ৬ গোল করে গোল্ডেন বুট জিতেছেন কলম্বিয়ান তরুণ। ব্যক্তিগত নৈপুণ্যে আলো ছড়িয়েছেন কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাসও। অসাধারণ সব সেভ করে তিনবার হয়েছেন ম্যাচসেরা। যদিও শেষ পর্যন্ত বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কারটা গেছে জার্মানির ম্যানুয়েল নয়্যারের হাতে। ফাইনালে জার্মানির কাছে হেরে যাওয়ায় আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা-হতাশা না কাটলেও গোল্ডেন বল জিতে নিয়েছেন লিওনেল মেসি।
বিতর্কও তো কম হয়নি। ইতালির ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড়ে দিয়ে বিশ্বকাপ থেকে বহিষ্কৃত হয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ, ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছেন চার মাসের জন্য। সুয়ারেজ যদি বিশ্বকাপের সবচেয়ে বিতর্কিত নাম হন, সবচেয়ে বিয়োগান্ত গল্পটা নেইমারের। কলম্বিয়ান ডিফেন্ডার হুয়ান ক্যামিলো জুনিগার আঘাতে কোয়ার্টার ফাইনালেই শেষ হয়ে গেছে নেইমারের বিশ্বকাপ। অথচ খেলছিলেন কী দারুণ! সেই নেইমারের জন্য কী এক দুঃস্বপ্নই না হয়ে রইল দেশের মাটির বিশ্বকাপ!