
জার্মান দৈনিক বিল্ড-এর শিরোনাম, ‘অবশেষে কাটল ইতালি-শাপ!’
একভাবে দেখলে কথাটা সত্যি। অন্যভাবে দেখলে, সত্যি নয়। প্রতিযোগিতামূলক ম্যাচে এর আগে কোনো দিন ইতালির বিপক্ষে জিততে পারেনি জার্মানি। পরশু বোর্দোতে ইউরোর কোয়ার্টার ফাইনালে জিতল তো। ইতালি-শাপ কেটেছে, এই দাবি জার্মানরা করতেই পারে।
তবে জয়টা টাইব্রেকারে, ৬-৫ ব্যবধানে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয়েছে ১-১ গোলের সমতায়। ফিফার নিয়ম অনুসারে এ ম্যাচের ফল ড্র-ই লেখা থাকবে পরিসংখ্যানে। প্রতিযোগিতামূলক ম্যাচে জার্মানির বিপক্ষে অজেয় থাকার দাবি তো ইতালি করতেই পারে!
জার্মানদের অবশ্য এসব নিয়ে ভাবার সময় নেই এখন। ইতালি অজেয় থাকুক বা না-থাকুক, তাতে তাদের কিছু যায় আসে না। মূল কাজটা ছিল ইউরোর সেমিফাইনালে ওঠা, সেটি ঠিকই করেছে জোয়াকিম লোর দল। জার্মান ড্রেসিংরুম তাই উচ্ছ্বাসে ভাসছে।
পুরো ম্যাচে নাটকীয়তা যেটুকু হয়েছে, সেটা টাইব্রেকারেই। প্রথম পাঁচটি করে নেওয়া শটে দুই দলেরই তিনজন করে ব্যর্থ হন গোল করতে। ইতালির হয়ে গোল করেন লরেন্সো ইনসিনিয়ে ও আন্দ্রেয়া বারজাল্লি। ব্যর্থ হন সিমোনে জাজা, গ্রাৎসিয়ানো পেল্লে ও লিওনার্দো বোনুচ্চি।
জার্মানির হয়ে টাইব্রেকারে গোল করেন টনি ক্রুস ও ইউলিয়ান ড্রেখসলার। ব্যর্থ হন টমাস মুলার, মেসুত ওজিল ও বাস্তিয়ান শোয়েনস্টাইগার। শোয়েনস্টাইগারের শটটা ইতালির জালে গেলেই সেমিফাইনালে নিশ্চিত হতো জার্মানির।
এরপর সাডেন ডেথেও টানা তিনটি করে শটে গোল করে ইতালি ও জার্মানি। কিন্তু মাত্তেও দারমিয়ানের চতুর্থ শটটা ফিরিয়ে দেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। জার্মানির হয়ে চতুর্থ শটে ইয়োনাস হেক্টর গোল করতেই উল্লাসে মাতে জার্মানরা।

শেষ পর্যন্ত পুরোটাই ভাগ্যের খেলা হয়ে উঠেছিল। আর সেই খেলায় জেতায় নিজেদের ভাগ্যবান ভাবছেন জার্মান কোচ জোয়াকিম লো, ‘অবশ্যই শেষ পর্যন্ত ভাগ্য আমাদের পক্ষে ছিল। তবে ম্যাচেও আমরা যোগ্যতর দল ছিলাম।’ কোচের কথারই প্রতিধ্বনি তুলেছেন গোলরক্ষক নয়্যার, ‘আমি তো মনে করি সেরা দলটাই সেমিফাইনালে উঠেছে।’
২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও আর্জেন্টিনার বিপক্ষে এমন পরিস্থিতিতে পড়েছিল জার্মানি। বার্লিনে সেদিন জার্মান ডাগ-আউটে ছিলেন কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান, তাঁর সহকারী হিসেবে এই লো। নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই আর্জেন্টিনাকে ৪-২ ব্যবধানে হারিয়ে দেয় জার্মানি। ওই অভিজ্ঞতা এই ম্যাচে কাজে লেগেছে বলেই জানালেন লো, ‘এটা ছিল নাটকীয় একটা ম্যাচ। একেবারে শুরু থেকে শেষ শটটা পর্যন্ত। ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচেও আমার এমন অভিজ্ঞতা হয়েছে। ওটা কাজে দিয়েছে।’

জার্মানির বিপক্ষে অজেয় থাকার রেকর্ড থাকলেও ইতালি আক্ষেপ করতেই পারে। টুর্নামেন্টজুড়ে পরিকল্পিত খেলেও শেষ পর্যন্ত কিনা বাদ পড়তে হলো টাইব্রেকারের ভাগ্যপরীক্ষায়! আক্ষেপটা কান্না হয়ে ঝরল জিয়ানলুইজি বুফনের চোখে। তবে এভাবে বিদায়ে একেবারেই লজ্জা নেই লিওনার্দো বোনুচ্চির। ওজিলের গোলে জার্মানি এগিয়ে যাওয়ার পর তাঁর পেনাল্টি গোলেই সমতা ফিরিয়েছিল ইতালি। ম্যাচ শেষে আবেগ ছুঁয়ে গেল এই ইতালিয়ান ডিফেন্ডারকে, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে ১২০ মিনিট সমানে সমানে লড়েছি। শেষ পর্যন্ত মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। এই দলের অংশ হতে পেরে আমি গর্বিত।’
বোনুচ্চি কথা দিয়েই কাল ইতালিয়ান দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্ত শিরোনাম করেছে, ‘মাথা উঁচুই আছে আমাদের!’ এএফপি, রয়টার্স।