জার্মানির সামনে অনেক প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খারাপ সময়ে একটু একটু করে পাশ থেকে অনেকেই সরে যায়। জার্মানি কোচ জোয়াকিম লো সেটা এখন ভালোই বুঝতে পারছেন। পোল্যান্ডের সঙ্গে এক ড্রয়ের পরই যে বিশ্ব চ্যাম্পিয়নদের দিকে ধেয়ে আসছে সমালোচনার তির। আজ উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে অনেক কিছুর জবাব দিতে হবে জার্মানদের।
একটু নির্দিষ্ট করে বললে ‘দায়’ মেটাতে হবে জার্মানির আক্রমণভাগকে। ইউক্রেনের সঙ্গে দুই গোলের পর পোল্যান্ড ম্যাচে মাথা কুটেও গোল পায়নি জার্মানি। মুলার, ওজিল, গোটশেদের কেউই এখন পর্যন্ত দলকে উদ্যাপনের উপলক্ষ এনে দিতে পারেননি। ওই ম্যাচের পর সাবেক মিডফিল্ডার মাইকেল বালাক সরাসরিই বলেছেন, ‘সুন্দর ফুটবল’ খেলতে গিয়ে জার্মানি জয়টাকে উপেক্ষা করছে। যে জার্মানির জন্য খেলার ধরনের আগে ফলটাই মুখ্য ছিল, তাদের নিয়ে এই অভিযোগ!
এর মধ্যে আবার শুরু হয়েছে ‘গৃহদাহ’। প্রথম ম্যাচের পর সাবেক জার্মান মিডফিল্ডার মেহমেট শল অভিযোগ করেছিলেন, মেসুত ওজিলের শরীরী ভাষায় জয়ের তীব্র আকাঙ্ক্ষা নেই। শল তাও বাইরের লোক। কিন্তু জেরোম বোয়াটেংই ওই ম্যাচ শেষে জার্মানির আক্রমণভাগকে কাঠগড়ায় তুলে সরাসরি বলে দিয়েছিলেন জার্মানির ফরোয়ার্ডদের আরও ক্ষুরধার হতে হবে। ওজিল চুপ করে থাকার পাত্র নন। বলে দিয়েছেন, শলের কথা নিয়ে মাথা ঘামানোর সময় তাদের নেই। তবে বোয়াটেংকেও পাল্টা খোঁচা মেরে বলেছেন, ‘ওর তো একটা মত থাকতেই পারে। কীভাবে আক্রমণাত্মক ফুটবল খেলতে হয় সেটা সে ভালোই জানে।’ ডিফেন্ডার হিসেবে বোয়াটেংকে রক্ষণেই মনোযোগ দেওয়া উচিত, ওজিল সেটাই বুঝিয়েছেন সুকৌশলে।
টমাস মুলারও যেন এত সব সমালোচনায় কিছুটা ধৈর্য হারিয়ে ফেলেছেন, ‘আমাদের ফল নিয়ে তো কাউকে কখনো সন্তুষ্ট দেখলাম না, ব্রাজিলের সঙ্গে ৭-১ গোলের জয় ছাড়া। আমরা ভালো খেলা আশা করতে পারি, কিন্তু ফলের কোনো নিশ্চয়তা দিতে পারি না।’ তবে নিজেদের ব্যর্থতাটা স্বীকার করে নিলেন, ‘আমরা যথেষ্ট গোল পাচ্ছি না। ফরোয়ার্ডের কাছ থেকে সবাই এটাই চায়।’
উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে আজ ড্র হলেই জার্মানি চলে যাবে নকআউট পর্বে। তবে শীর্ষস্থান নিশ্চিত করতে হলে জিততে হবে। এই মুহূর্তে উত্তর আয়ারল্যান্ড যেমন খেলছে, তাতে সেই কাজটা মোটেই সহজ হবে না। প্রথম ম্যাচে হারের পর ইউক্রেনকে তারা হারিয়েছে পরের ম্যাচে। আইরিশ ফরোয়ার্ড জেমি ওয়ার্ডের কথাটা পরাশক্তির বিপক্ষে আন্ডারডগদের বাঁধা বুলি, ‘আমরা জার্মানিকে শ্রদ্ধা করি, ভয় করি না।’
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে পোল্যান্ডই কিছুটা সুবিধাজনক অবস্থায় আছে। আগের দুই ম্যাচে হেরে ইউক্রেনের ইউরো-অভিযান শেষ হয়ে গেছে গ্রুপ পর্বেই। আজ জিতলে জার্মানিকে টপকে গ্রুপ চ্যাম্পিয়নও হতে পারে পোল্যান্ড। এএফপি, রয়টার্স।