জার্মানির স্বস্তির সপ্তাহ
ব্যাপারটা অভ্যাসেই রূপ নিচ্ছে টমাস মুলারের। স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচ হবে আর দুটি করে গোল করবেন জার্মান ফরোয়ার্ড। জার্মানির ইউরো বাছাইপর্ব শুরু হয়েছিল স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচ দিয়ে, সে ম্যাচে দুই গোল করেছিলেন। পরশু আবার স্কটল্যান্ডের সঙ্গে খেলতে নামলেন, ‘অভ্যাসবশত’ আবারও দুই গোল করলেন মুলার। সঙ্গে ইলকায় গুন্ডোয়ানের গোলে স্কটল্যান্ডের হ্যাম্পডেন পার্কে স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এ জয়ে আগামী বছরের ইউরোর চূড়ান্ত পর্ব প্রায় নিশ্চিতই হয়ে গেল জার্মানির।
চূড়ান্ত পর্বের কাছাকাছি চলে গেছে পর্তুগালও। যদিও আলবেনিয়ার বিপক্ষে জয় পেতে যথেষ্টই ঘাম ঝরেছে তাদের। জয়সূচক গোলটি এসেছে যোগ করা সময়ে।

স্কটল্যান্ডের সঙ্গে জয়, পোল্যান্ডের সঙ্গে হার আর আয়ারল্যান্ডের সঙ্গে ড্র—প্রথম তিন ম্যাচে চার পয়েন্ট। ইউরো বাছাইয়ের শুরুটা বেশ বাজেই হয়েছিল জার্মানির। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু জিব্রাল্টারের সঙ্গে দুটি ও জর্জিয়ার সঙ্গে একটি সহজ ম্যাচ দিয়ে। প্রক্রিয়াটা সম্পূর্ণ হলো এই সপ্তাহে। গত শুক্রবার পোল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে ‘প্রতিশোধে’র জয়ে গ্রুপ শীর্ষে উঠে আসা। আর পরশু স্কটিশদের তাদেরই মাঠে হারিয়ে আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষস্থানটা আরও সংহত। ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে পোল্যান্ড, তিনে থাকা আয়ারল্যান্ডের পয়েন্ট ১৫। আগামী অক্টোবরে আয়ারল্যান্ডের মাঠে পরের ম্যাচটিতে হার এড়াতে পারলেই জার্মানির চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়ে যাবে।
জার্মান কোচ জোয়াকিম লোর কণ্ঠেও লক্ষ্য পূরণের তৃপ্তি, ‘আমি গর্ব নিয়েই বলছি যে আমরা ফ্রান্স ২০১৬-এর দিকে অনেক বড় ধাপ পেরিয়েছি। ম্যাচটা সহজ ছিল না, তবে আমার মনে হয়ে বেশির ভাগ সময় আমরাই নিয়ন্ত্রণ করেছি, জয়টা প্রাপ্য ছিল।’
পরের ম্যাচে ড্র করলে ফ্রান্সের টিকিট পেয়ে যাবে পর্তুগালও। ৮ অক্টোবর ডেনমার্কের বিপক্ষে সেই ম্যাচটি নিজেদের দেশেই। পরশু আলবেনিয়ার বিপক্ষে ম্যাচে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোল বের করে নিতে পারেননি অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ও জাতীয় দলের হয়ে এ মৌসুমে এখন পর্যন্ত গোলশূন্য থাকলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত পর্তুগালের জয়সূচক গোলটি করেছেন মিগুয়েল ভেলোসো।
বেলফাস্টে উৎসবের অপেক্ষায় ছিল উত্তর আয়ারল্যান্ড। জিতলেই প্রথমবারের মতো ইউরোতে, ১৯৮৬ বিশ্বকাপের পর এই প্রথম কোনো আন্তর্জাতিক মঞ্চে সুযোগ। হাঙ্গেরির সঙ্গে ১-১ ড্র করায় সেই উৎসবে আর মাতা হয়নি। সুযোগ অবশ্য এখনো আছে, পরের ম্যাচে গ্রিসকে হারালেই ইউরোর মূল পর্বে চলে যাবে উত্তর আয়ারল্যান্ড। এএফপি, উয়েফাডটকম।