জার্সি খুললেই সর্বনাশ!

একজন খেলোয়াড় লাল কার্ড দেখে বিরস বদনে মাঠ ছাড়ছেন। কী কারণে তাঁর এই শাস্তি? প্রতিপক্ষের খেলোয়াড়কে বাজে ট্যাকল, ইচ্ছাকৃত হ্যান্ডবল, মাঠে অখেলোয়াড়সুলভ আচরণ—অনেক কারণ ভাবনায় আসতে পারে। কিন্তু জার্সি খোলার দায়ে কোনো ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছাড়ছেন, নিশ্চয় ভাবনায় আসবে না। জার্সি খুলে উদ্যাপন করার শাস্তি হিসেবে হলুদ কার্ড হরহামেশা দেখা যায়। তাই বলে লাল কার্ড!
হ্যানোভার ৯৬-এর সাবোলৎস হুসতি বুন্দেসলিগায় ২০১২-১৩ মৌসুমে ঠিক এই কারণেই লাল কার্ড দেখেছিলেন। ভেরডার ব্রেমেনের বিপক্ষে ৯০ মিনিটেও কোনো সমস্যা হয়নি। গড়বড়টা হলো অতিরিক্ত সময়ের অন্তিম মুহূর্তে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দুর্দান্ত এক ব্যাকভলিতে জয়সূচক গোল করেই দর্শকদের কাছে ছুটলেন হুসতি। আনন্দের আতিশয্যে জার্সি খুলে বেস্টনিতে দর্শকদের হাত ধরে বাঁদুড় ঝোলা হতে দেখা গেল তাঁকে! উদ্যাপন শেষে মাঠে ফিরেই দেখলেন লাল কার্ড! হরিষে বিষাদ বুঝি একেই বলে। রেফারির যুক্তি, জার্সি খোলা ও দর্শকদের কাছে যাওয়া—দুটি পৃথক কারণে তাঁকে লাল কার্ড দেখানো হয়েছে।

জার্সি খুলে লাল কার্ড দেখার উদাহরণ ফুটবলে আরও রয়েছে। একবার টার্কিশ কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ফেনেরবাচে-দেনিজলিসপর। নির্ধারিত সময়ে ১০ জনে পরিণত হওয়া ফেনেরবাচেকে ১১১ মিনিটে গোল করে ম্যাচে ফেরান ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফ্যাবিও লুসিয়ানো। এর পর লুসিয়ানো জার্সি খুলে মাটিতে রেখে পূজার ভঙ্গি করলেন। মোটেও পছন্দ হয়নি রেফারির। লুসিয়ানো প্রথমে দেখলেন হলুদ কার্ড। হলুদ কার্ড দেখেছিলেন আগেও। দুটি মিলে লাল কার্ড। লুসিয়ানো অবশ্য প্রতিবাদ জানিয়েছিলেন। কাজ হয়নি।
এরিক হাসলির ঘটনাটা আরও সরেস। মেজর লিগ সকারের (এমএলএস) ২০১১-১২ মৌসুমে নিউ ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে গোল করেই জার্সি খুলে উদ্যাপন করলেন ভ্যানক্যুভার ফরোয়ার্ড হাসলি। কিন্তু তাঁর গায়ে জার্সি ছিল। রেফারি তা মানতে চাইলেন না। প্রথমে হলুদ কার্ড, পরে লাল কার্ড। আগে একবার হলুদ কার্ড দেখায় দুটি মিলে লাল কার্ড। নিশ্চয় প্রশ্ন জাগছে, গায়ে জার্সি থাকার পরও কেন হাসলিকে লাল কার্ড দেখতে হলো? ভ্যানক্যুভারের ফরাসি ফরোয়ার্ড আসলে খেলছিলেন দুটি জার্সি পরে। ফুল হাতা জার্সির নিচে হাফ হাতা। গোল করে ওপরেরটি খুলে ফেলেছিলেন! হাসলির সতীর্থরা রেফারিকে অনেক বোঝানোর চেষ্টা করলেন। তিনি তা বুঝলে তো! গার্ডিয়ান অবলম্বনে।