জার্সি পরলেই রোনালদো হওয়া যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলোয়াড় নন, ফ্রি কিক নিচ্ছেন দর্শক! ছবি: রয়টার্স
খেলোয়াড় নন, ফ্রি কিক নিচ্ছেন দর্শক! ছবি: রয়টার্স

পোল্যান্ডের ওয়ারশতে মৌসুম শুরুর আগে শেষ প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ-ফিওরেন্তিনা। খেলা চলার সময় হঠাত্ সবার নজর কাড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিআর সেভেন হরহামেশাই নজর কাড়েন—এ আর নতুন কী! আছে, নতুন ঘটনা আছে। এ রোনালদো যে আসল নন! রোনালদোর বেশ ধরে মাঠে ঢুকে পড়েছিল এক দর্শক!
‘বেশ’ বলতে, রিয়াল ফরোয়ার্ডের জার্সি, শর্টস, মোজা ও বুট পরে দর্শক নেমে পড়লেন মাঠে। তবে পোশাক পরলেই তো রোনালদো হওয়া যায় না! হোঁতকা মোটা, স্ফীত ‘মধ্যপ্রদেশে’র অধিকারী নকল রোনালদোর মধ্যে ছিল না খেলোয়াড়োচিত কোনো ভাবভঙ্গি কিংবা আসল রোনালদোর মতো শারীরিক গঠন বা বিখ্যাত চুলের স্টাইল! ফলে ধরা খেয়ে গেলেন দ্রুতই!

মাঠে রোনালদো বেশে ঢুকে পড়লেন দর্শক! ছবি: মেট্রো
মাঠে রোনালদো বেশে ঢুকে পড়লেন দর্শক! ছবি: মেট্রো

বলে একটা টোকা মারতেই কম্ম সাবাড়। ততক্ষণে অবশ্য রেফারির বাঁশিতে থমকে গেছে খেলা। নিরাপত্তাকর্মীরা বের করে আনেন সেই দর্শককে।
ওদিকে মাঠে দর্শকে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে ইংলিশ প্রিমিয়ার লিগেও। এটি রীতিমতো সেটপিস ‘হাইজ্যাকে’র ঘটনা! ৬৩ মিনিটে ফ্রি-কিক পেল টটেনহাম। ফ্রি কিক নিতে এলেন ক্রিস্টিয়ান এরিকসেন। সে কী, বল নেই কওয়া নেই, এরিকসেনকে ‘দর্শক’ বানিয়ে সত্যিকারের দর্শক দৌড়ে এসে শট নিয়ে পট করে বেরিয়ে গেলেন! পেছনে দৌড়াতে লাগলেন নিরাপত্তাকর্মীও। পাকড়াও করার আগে কম্ম সারা! তথ্যসূত্র: মেট্রো।