জার্সি হারানোর পর সাবেক স্ত্রীর খোঁচাও

কোনটার জ্বলুনি বেশি? পছন্দের জার্সি কেড়ে নেওয়ার অপমান, নাকি সাবেক স্ত্রীর খোঁচা? অ্যান্থনি মার্শিয়ালকে এখন এই অপ্রিয় প্রশ্নের উত্তর খুঁজতে হচ্ছে।
ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার গত মৌসুমে দলে যোগ দিয়েই আলো ছড়িয়েছেন। একজন স্ট্রাইকারের পরম প্রার্থিত ৯ নম্বর জার্সিও পেয়ে গিয়েছিলেন। কিন্তু এই মৌসুমে ইউনাইটেডে নাম লিখিয়েছেন ইব্রাহিমোভিচ। ইব্রা থাকতে ৯ নম্বর জার্সি অন্য কারও গায়ে উঠবে, সেটা কি হয়! ইউনাইটেডের নতুন জার্সি নম্বর ঘোষণার পর দেখা গেল, সেটা পেয়েছেন ইব্রাই। আর মার্শিয়াল পেয়েছেন ১১ নম্বর জার্সি।
এর পরেই হঠাৎ দেখা গেল, ইনস্টাগ্রামে ইউনাইটেডের অ্যাকাউন্ট আর অনুসরণ করছেন না মার্শিয়াল। ‘আনফলো’ করে দিয়েছিলেন। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বোঝা গেল, ২০ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড ব্যাপারটা ঠিক মানতে পারেননি। সেই ক্ষোভ থেকেই হয়তো এই কাজ। এর মধ্যে নিজের বাণিজ্যিক প্রচারণায়ও ৯ নম্বর জার্সিই ব্যবহার শুরু করে দিয়েছেন। এখন সেটা নিয়ে আবার পোহাতে হবে হ্যাপা।
মার্শিয়ালের এই কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছেন আবার তাঁর সাবেক স্ত্রী সামান্থা। মার্শিয়াল বিয়ে করেছিলেন আরও বেশ কয়েক বছর আগে, একটি শিশুকন্যাও আছে তাঁদের। কিন্তু এই জানুয়ারিতে স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি। ইব্রাহিমোভিচ ইনস্টাগ্রামে যে ৯ নম্বর জার্সির ছবি আপলোড করেছেন, সামান্থা সেটিতে ‘লাইক’ দিয়েছেন। সেটি আবার চোখে পড়ে গেছে অনেকের। মার্শিয়ালকেও নিশ্চয় কেউ সেটি দেখিয়েছেন! বলা হচ্ছে, ইচ্ছে করেই নাকি সামান্থা এ কাজটি করেছেন!
এর মধ্যেই মার্শিয়ালের অভিমান বোধ হয় কমে গেছে। কিংবা তাঁর এই ‘বিদ্রোহ’ দমানো গেছে। কাল আবার ইউনাইটেডকে ইনস্টাগ্রামে অনুসরণ করা শুরু করেছেন। কিন্তু সাবেক স্ত্রীর ‘খোঁচাটা’ ভুলতে কত দিন লাগে, কে জানে!