জার্সিতে নাম থাকবে না মেসিদের

বার্সেলোনায় বৃহস্পতিবারের সন্ত্রাসী হামলায় প্রাণহানিতে গোটা বিশ্ব এখন শোকগ্রস্ত। শোকাতুর খেলার জগৎও। এই সপ্তাহে ইউরোপের শীর্ষ লিগগুলোর ম্যাচগুলোতে হতাহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হবে এক মিনিট নীরবতা।
ঘটনাটা যেহেতু ঘটেছে বার্সেলোনার পর্যটক এলাকা রাস র্যামব্লাসে, শোকের আঁচটা তাই বেশিই লাগছে ন্যু ক্যাম্পে। হতাহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছেন লিওনেল মেসি-জেরার্ড পিকেরা। পাশাপাশি ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছে তাঁদের ক্লাব বার্সেলোনাও। রোববার ন্যু ক্যাম্পে রিয়াল বেটিসের বিপক্ষে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচের জার্সিতে খেলোয়াড়দের নামের বদলে থাকবে ‘বার্সেলোনা’ শব্দটি।
এই সন্ত্রাসী হামলায় প্রিয় শহর বার্সেলোনার জানমালের ক্ষতির নিন্দা জানানোর জন্যই এই অভিনব উদ্যোগ। এটি করতে ইতিমধ্যেই স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আবেদন করেছিল বার্সা। ভূমধ্যসাগর-তীরবর্তী শহরটির সব মানুষকে ঐক্যের ছায়াতলে নিয়ে আসতেই এর উদ্দেশ্য। কালকের ম্যাচে মেসিদের জার্সির সামনে হ্যাশট্যাগ দিয়ে লেখা থাকবে ‘আমরা সবাই বার্সেলোনা’ কথাটি।