জাহিদে উজ্জ্বল শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি পেনাল্টি আদায় করেছেন। দুটি গোল করিয়ে নিজে করেছেন একটি। কাল এমন ঔজ্জ্বল্য ছড়ানোর পরও শেখ রাসেলের উইঙ্গার জাহিদ হোসেনকে নিয়ে কোচ মারুফুল হক একটু অতৃপ্ত, ‘ওর আরও দেওয়ার ছিল ম্যাচে! আরও ভালো খেলতে পারে জাহিদ।’
এটা সত্যিই, দেশের অন্যতম সেরা ফুটবলার যেদিন জ্বলে ওঠেন, সেদিন জয় নিয়ে সংশয় থাকে না কোনো দলের। কাল জাহিদময় ম্যাচে মুক্তিযোদ্ধাকে ৫-১ গোলে হারিয়েছে শেখ রাসেল।
চোট ও অসুস্থতা জাতীয় দলের হয়ে ঢাকায় গত জুনের বিশ্বকাপ বাছাইয়ে কোনো ম্যাচ তাঁকে খেলতে দেয়নি। কিন্তু ফিট হয়েই অদম্য জাহিদ। আগের ম্যাচে মোহামেডানের সঙ্গে কাদামাঠেও দুর্দান্ত খেলেছিলেন। কাল ছাড়িয়ে গেলেন আগের ম্যাচের পারফরম্যান্সকেও।
প্রথম পর্বের দুর্দান্ত মুক্তিযোদ্ধা নিজেদের হারিয়ে খুঁজছে দ্বিতীয় পর্বে। দুটি ড্রয়ের পর এই নিয়ে টানা দুই হার। অর্ন্তদ্বন্দ্বে জর্জরিত দলটি ভুগছে আত্মবিশ্বাসের অভাবে। আর তাদের সামনে পেয়ে জ্বলে উঠল জাহিদের শেখ রাসেল। তবে কাল ৮ মিনিটে এনামুলের গোলে মুক্তিযোদ্ধাই এগিয়ে গিয়েছিল প্রথম।
এই গোলটি খেয়েই জেগে ওঠে শেখ রাসেল। জেগে ওঠেন জাহিদও। ১০ মিনিটে বক্সে বল নিয়ে ঢুকে পড়া জাহিদকে ফেলে দেন মুক্তিযোদ্ধার গোলরক্ষক টিটু। তবে প্রাপ্ত পেনাল্টি থেকে গোল করতে পারেননি জাহিদ হাসান এমিলি! ১৭ মিনিটে আবারও পেনাল্টি আদায় করেন জাহিদ। এই পেনাল্টি থেকে শেখ রাসেলকে সমতায় ফেরান জাঁ ইকাঙ্গা। ২২ মিনিটে শেখ রাসেলকে এগিয়ে নেন পল এমিলি (২-১)। ৫৬ মিনিটে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে ছুটে তিন ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন জাহিদ (৩-১)। ৬০ মিনিটে জাহিদের ক্রসে পল এমিলির গোলে ৪-১, আর ৮৫ মিনিটে রুম্মনের প্লেসিংয়ে শেখ রাসেল পায় পঞ্চম গোল। এই গোলটিও বানিয়ে দিয়েছেন ওই জাহিদ!
প্রথম পর্বে এই শেখ রাসেলকেই ২-১ গোলে হারিয়েছিল মুক্তিযোদ্ধা। কিন্তু কাল জিতে লিগে টানা ৮ ম্যাচে অপরাজিত রইল শেখ রাসেল। ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তারা উঠে এল দ্বিতীয় স্থানে। ২১ পয়েন্ট নিয়ে ছয়ে মুক্তিযোদ্ধা।
শেখ রাসেলের কালকের নায়ক জাহিদ শিরোপাস্বপ্নই দেখতে শুরু করেছেন, ‘প্রতি ম্যাচেই এমন খেলতে চাই। আমাদের একটাই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’ হারের পর মুক্তিযোদ্ধা কোচ আবু ইউসুফের কণ্ঠে ছড়িয়ে পড়ল হতাশা, ‘এটা ছন্নছাড়া একটা দল। খেলোয়াড়দের মধ্যে কোনো ঐক্য নেই!’