কোচ তাঁকে তুলে নেওয়ার প্রস্তুতি শেষ করেছেন। যেকোনো মুহূর্তেই মাঠের বাইরে আসতে হতো জাহিদ হোসেনকে। মাঠের বাইরে এলেন। তবে তার আগে দলকে উপহার দিলেন মহামূল্যবান এক গোল। ম্যাচের বাকি তখন আর ৩-৪ মিনিট। অতিরিক্ত সময়ে এমিলির গোল আবাহনীর বিপক্ষে শেখ রাসেলকে এনে দিল স্বস্তির জয় (২-১)।
এলোমেলো রক্ষণ প্রতিপক্ষকে ফাঁকা জায়গা দেওয়াতেই মাশুল গুনতে হলো আবাহনীকে। যেভাবে খেলছিল আবাহনী, আক্রমণে উঠে রক্ষণে নামার আর শক্তি থাকল না। শেখ রাসেলের মতো শিরোপার দাবিদারেরা এই সুযোগ হাতছাড়া করবে কেন?
তার ওপর বলটা পড়ল চতুর উইঙ্গার জাহিদের পায়ে। শেখ রাসেলের আগের চার ম্যাচে ৪ গোল তাঁর সাজিয়ে দেওয়া। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় গড়ানো শটে আবাহনীর পোস্টে বল পাঠালেন জাহিদ। এমন ভঙ্গুর রক্ষণ নিয়ে আবাহনী হঠাৎই মুখ থুবড়ে না পড়লে সেটিই হতো বিস্ময়।
এমিলির গোলের সময় পোস্টে ছিলেন না গোলরক্ষক। পল এমিলিই আসল কাজটা করে দিলেন, এমিলি শুধু ফাঁকা পোস্টে বলটা রাখলেন। আবাহনীর সমস্যা তাদের আক্রমণভাগও। নববিবাহিত স্ট্রাইকার ওয়াহেদ ফিরলেন দলে, কিন্তু আকাশি-নীলের আক্রমণ লাগল বেশ ভোঁতা। ছোট দলের সঙ্গে দুই হাঙ্গেরিয়ানের গোলে পার হওয়া আবাহনী আটকে গেল প্রথম বড় ম্যাচেই।
আগের ম্যাচেই মুক্তিযোদ্ধার কাছে পরাজিত শেখ রাসেল দ্বিতীয়ার্ধে খেলেছে প্রাধান্য নিয়ে। তারই ফল জয়, চার ম্যাচে তাদের ৯ পয়েন্ট। পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ জামাল। প্রথম হারে মুক্তিযোদ্ধার (১২ পয়েন্ট) পেছনে পড়ে গেল আবাহনী (১০ পয়েন্ট)।
শেখ রাসেল পেশাদার লিগে এই নিয়ে দ্বিতীয়বার হারাল আবাহনীকে! আগের ১৪ লড়াইয়ে একমাত্র জয়টি অষ্টম ম্যাচে। আবাহনীর জয় সাতটি! মজার ব্যাপার, আবাহনীর সঙ্গে পেশাদার লিগ ম্যাচে এক গোলের বেশি পায়নি শেখ রাসেল। এদিন ভাঙল সেই দেয়ালও!