জাহিদের জোড়া গোলে শীর্ষে চট্টগ্রাম আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সতীর্থদের উদ্‌যাপনের মধ্যমণি জাহিদ। ছবি: প্রথম আলো।
সতীর্থদের উদ্‌যাপনের মধ্যমণি জাহিদ। ছবি: প্রথম আলো।

ম্যাচ শেষে কাঁদছিলেন চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। সতীর্থরা তাকে সান্ত্বনা দিতে নিয়ে গেলেন স্টেডিয়ামের বাইরে। প্রিমিয়ার লিগে আজ মুক্তিযোদ্ধার সঙ্গে ৩-১ গোলে জিতেছে রানার ক্লাব চট্টগ্রাম আবাহনী। কিন্তু তবুও ভীষণ মন খারাপ জাতীয় দলের এই গোলরক্ষকের। ভুটানের কাছে জাতীয় দলের হারের কারণেই আবাহনী গ্যালারি থেকে মামুনুল, রানাদের উদ্দেশ্য করে কটূক্তি করেছে দর্শকেরা। তাদের এমন আচরণ কিছুতেই মানতে পারেননি রানা, দুঃখটা হৃদয়ে এসে বিঁধেছে। 

ম্যাচ শেষের এই বিড়ম্বনাটুকু বাদ দিলে বেশির ভাগ সময়ই চট্টগ্রাম আবাহনীর ফুটবলারদের মুখে হাসি। ম্যাচের ১ মিনিট ১২ সেকেন্ডে প্রথম গোলটি করেন জাহিদ। ৫০ মিনিটে আহমেদ মুসার গোলে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। ৫৯ মিনিটে আবারও জাহিদের গোল, ২-১ এ এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ম্যাচ শেষ হওয়ার মুহূর্তে ব্যবধান বাড়িয়েছেন লিওনেল সেন্ট প্রিউক্স। ম্যাচে গুরুতর আহত হয়ে হাসপাতালে যেতে হয়েছে মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড তৌহিদুলকে। মাঝমাঠে তৌহিদুল বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় তাকে স্লাইড ট্যাকল করেন চট্টগ্রাম আবাহনীর আরমান আজিজ। অবস্থা এতটাই গুরুতর ছিল যে অ্যাম্বুলেন্সে করে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানো হয়েছে।
আজকের জয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে এল চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পাঁচেই রইল মুক্তিযোদ্ধা।