জিকোকে পেলের সমর্থন

এখনো প্রায় চার মাস বাকি। তবে ফিফা সভাপতি নির্বাচন নিয়ে এখনো নাটকের মহড়াই যেন চলছে। ফুটবল-সংশ্লিষ্ট সবাইকে এই প্রসঙ্গে কমবেশি কথা বলতেই হচ্ছে। ভারত সফরে গিয়ে যেমন পেলেকেও এই প্রশ্নের মুখোমুখি হতে হলো। নিজে অবশ্য স্বদেশি জিকোকেই সমর্থন করছেন ব্রাজিল কিংবদন্তি।
কদিন আগেই পেলে সরাসরি জানিয়ে দিয়েছিলেন ফিফা সভাপতি পদে নির্বাচনের কোনো ইচ্ছা তাঁর নেই। সভাপতি নির্বাচন নিয়ে আর কোনো মন্তব্য করবেন না বলেও জানিয়ে দিয়েছিলেন। পরশু অবশ্য একটু নমনীয় হলেন, ‘আমি সৎ কাউকে চাই, ফিফা সভাপতি হিসেবে যিনি সবার সম্মান পাবেন। আমি জানি, জিকো সভাপতি হতে চায়। তার সেই সৎ সাহস আছে, আমার মনে হয় সে সবচেয়ে যোগ্য প্রার্থীদের একজন।’
ব্রাজিলের সর্বকালের সেরাদের একজনই শুধু নন, জিকোর প্রশাসনিক অভিজ্ঞতাও আছে। ছিলেন ব্রাজিলের ক্রীড়ামন্ত্রী, জাপান-ইরাকের মতো দেশের কোচ ছিলেন, নিজের নামে একটা একাডেমিও আছে। জিকোর যোগ্যতা বোঝাতে গিয়ে এসবও মনে করিয়ে দিয়েছেন পেলে, ‘আমি ওকে বলেছিলাম তুমি খুবই শক্তপোক্ত, তোমার সাহস আছে। আমার মনে হয় ও দারুণ করবে কারণ ফুটবলের উন্নয়নে ও বেশ কিছু দেশে কাজ করেছে। লম্বা একটা সময় জাপানে কাজ করেছে, দেশটিকে এশিয়ার অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে।’ ব্রাজিল ফুটবল কনফেডারেশন আগেই জিকোকে সমর্থন দিয়েছে। কিন্তু সভাপতি হিসেবে আরও চারটি দেশের সমর্থন লাগবে। এখন পর্যন্ত জিকো সেটি নিশ্চিত করতে পারেননি।
ফিফা নিয়ে সবাই যখন সমালোচনায় মুখর, পেলের সুরটা বিস্ময়করভাবে একটু নরম, ‘সমালোচনা করা সহজ। ফিফা দুর্নীতিগ্রস্ত হতে পারে, কিন্তু ফুটবলের উন্নয়নে সংস্থাটি অনেক কিছুই করেছে। এশিয়া, আমেরিকা, আফ্রিকার অনেক জায়গায় ফুটবল মানুষের মধ্যে সেতুবন্ধ রচনা করছে। আর দুর্নীতি তো বিশ্বব্যাপী একটা সমস্যা। আপনি ব্রাজিল, যুক্তরাষ্ট্র, আফ্রিকায়ও দুর্নীতি পাবেন। ফিফা আসলে কোনো ব্যতিক্রম নয়। রাজনীতিবিদেরা এখানে ঢুকে পড়াতেই সমস্যা হয়েছে।’
তবে রাজনীতিবিদ না হলেও প্লাতিনিকে ঠিকই কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। পরশু অবশ্য উয়েফার সমর্থন পেয়েছেন ফ্রেঞ্চ কিংবদন্তি। তবে ম্যারাডোনার মতো কেউ কেউ প্লাতিনিকে সরাসরি বলেছেন ‘দুর্নীতিবাজ’। সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোমারিও বলছেন মাফিয়া চক্রের সঙ্গে সংযোগ ছিল প্লাতিনির, ‘প্লাতিনি অনেক বছর ধরে ফিফার মাফিয়াদের সঙ্গে কাজ করছেন। আমি বলছি না তিনি দুর্নীতিবাজ, তবে পুরো প্রক্রিয়াটি তঁাকেও প্রশ্নবিদ্ধ করেছে।’ এরই মধ্যে ফিফা সভাপতি পদে প্লাতিনির প্রার্থিতা সমর্থন না করার কথা জানিয়েছে ইংলিশ এফএ।
ফিফা সভাপতির দৌড়ে দেখা যেতে পারে নতুন আরেকজনকেও। এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধান বাহরাইনের শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফাও প্রার্থী হওয়ার কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন। এএফপি।