জিততে চায় শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু এলেও কালই প্রথম অনুশীলনে নামলেন সেরেস লা সাল্লের ফুটবলাররা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় ঝালিয়ে নিলেন নিজেদের l ছবি: বাফুফে
পরশু এলেও কালই প্রথম অনুশীলনে নামলেন সেরেস লা সাল্লের ফুটবলাররা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় ঝালিয়ে নিলেন নিজেদের l ছবি: বাফুফে

ফেডারেশনের সংবাদ সম্মেলনকক্ষে চলছে ম্যানেজারদের মিটিং। গণমাধ্যমকর্মীদের সঙ্গে তাই সেরেস লা সাল্লের অধিনায়ক হুয়ান লুইস গুয়ারদিয়োকেও বাইরে অপেক্ষা করতে হলো খানিকক্ষণ। এএফসি কাপের চূড়ান্ত পর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে পরশু রাতে ঢাকায় এসেছে ফিলিপাইনের ক্লাব সেরেস লা সাল্লে। ফিলিপাইনের ফুটবল লিগের চ্যাম্পিয়ন দলটির সঙ্গে আজ সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে ফক্স ইন্ডিয়া টিভি।
বাছাইপর্বে এক ড্র, এক জয়—শেখ জামাল ধানমন্ডি বেশ স্বচ্ছন্দে উঠেছে চূড়ান্ত পর্বে। কিন্তু সপ্তাহ দুয়েক আগে সিঙ্গাপুরে গিয়ে সিঙ্গাপুরের লিগ চ্যাম্পিয়ন টেম্পাইন রোভার্সের কাছে হেরেছে ৪-০ গোলে। সূচনা বেশ খারাপ হয়েছে। গুরুত্বপূর্ণ কিছু ফুটবলারকে হারিয়ে শেখ জামাল ভাঙা হাট। ফেডারেশনের সঙ্গে অদৃশ্য এক দূরত্ব তৈরি হয়েছে তাদের। তবে সব বাধা পেরিয়ে জয়ের খোঁজে শেখ জামাল। কোচ শফিকুল ইসলাম মানিক সংবাদ সম্মেলনে এসে জানালেন জয়ের আকাঙ্ক্ষা, ‘এখন যে পরিস্থিতি তাতে যদি একটা ম্যাচ জিততে পারি তাহলে ক্লাবের সামগ্রিক চিত্রটাই বদলে যাবে। ফেডারেশনের সঙ্গে আমাদের যে দূরত্ব তৈরি হয়েছে খেলার ওপর এর প্রভাব পড়ছে। একটা জয় পেলে অনেক দূর এগিয়ে যাব।’
ফিলিপাইনের ক্লাবটি সম্পর্কে অন্ধকারে শেখ জামাল। সিঙ্গাপুর থেকে ফিরে সেরেস লা সাল্লের যেকোনো ম্যাচের ডিভিডি ফেডারেশনের কাছে চেয়েছিল বাংলাদেশের চ্যাম্পিয়নরা। কিন্তু ফেডারেশন কাল পর্যন্তও ডিভিডি সরবরাহ করতে পারেনি। শুধু সেরেস লা সাল্লের একটি ম্যাচের হাইলাইটস ইউটিউব থেকে ডাউনলোড করে তা থেকে ধারণা নেওয়ার চেষ্টা করছে।
সেরেস লা সাল্লের অধিনায়ক গুয়ারদিয়োর সঙ্গে আলাপচারিতায় জানা গেল, ক্লাবটির জন্ম ২০১২ সালে। এটি যেন এক বহুজাতিক ক্লাব! বেশির ভাগ খেলোয়াড়ের স্পেন ও ফিলিপাইনের দ্বৈত নাগরিকত্ব আছে। এঁদের অনেকের বাবা স্প্যানিশ, মা ফিলিপিনো। অনেকে আছেন জার্মান, বেলজিয়ান ও মার্কিন বংশোদ্ভূত। এই দলে আজ খেলবেন দুই স্প্যানিশ স্ট্রাইকার, দুজন কোরিয়ান। মজার ব্যাপার হলো, আজকের ম্যাচে খেলতে পারেন ফিলিপাইনে জন্ম নেওয়া একজন মাত্র ফুটবলার!
এই ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছেনই না সেরেস লা সাল্লে কোচ ফ্রাঙ্ক, ‘শেখ জামাল খেলবে নিজেদের মাঠে, কন্ডিশনও তাদের পক্ষেই। এ জন্য প্রতিপক্ষকে বেশ সমীহই করছি। তারপরও আশা করি আমরাই জিতব।’
ঘরোয়া ফুটবলারদের ওপর আস্থা কম শেখ জামালের কোচের। জিততে হলে আজ অবশ্যই জ্বলে উঠতে হবে এমেকা ডার্লিংটন, ওয়েডসন আনসেলমে, ল্যান্ডিং দারবোয়েদেরই!