জিততে ভুলে গেছে মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুমে মোহামেডানের সর্বশেষ জয় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে স্বাধীনতা কাপে (৫-১)। সেই থেকে টানা ছয় ম্যাচে জয়শূন্য ঐতিহ্যবাহী দলটি। তিন ড্র, তিন হার। শেষ তিনটি ছিল লিগ ম্যাচ। রহমতগঞ্জের সঙ্গে ড্র দিয়ে লিগ শুরু করে চট্টগ্রাম আবাহনীর কাছে হার। কাল আরেকটি ড্র, এবার প্রতিপক্ষ ফেনী সকার (০-০)।

দ্বিতীয়ার্ধে সাদাকালোর একটু প্রাধান্য ছিল বটে, তবে ঠিক বিষদাঁত নেই। স্ট্রাইকার বাঙ্গুরার নড়াচড়া তেমন ছিল না। বাঙ্গুরা হেডে খুব ভালো, কিন্তু খুব একটা ক্রসও তাঁর কাছে যায়নি। তবু মোহামেডান কোচ জোসিমউদ্দিন জোসি হতাশ, ‘বাঙ্গুরার পারফরম্যান্স আমার কাছে মানসম্মত মন হয়নি। সে খুবই হতাশ করেছে।’

জোসির হতাশার জায়গা আছে আরও। চট্টগ্রাম পর্বে চেয়েছিলেন তিন ম্যাচে ৭ পয়েন্ট। চট্টগ্রাম আবাহনীর সঙ্গে অন্তত ড্র, রহমতগঞ্জ ও সকারের বিপক্ষে জয়। বাস্তবে হয়েছে উল্টো। চট্টগ্রাম আবাহনীর কাছে হার, বাকি দুটি ড্র। জোসি এটা চাননি, ‘আমরা পারলাম না। গতবার জুয়েল, ইব্রাহিমরা ভালো করেছে। এবার ওরা নেই। নতুন ছেলেরা চেষ্টা করেছে। কিন্তু গোল করতে না পারলে কী করার আছে।’

বেশ কিছু সুযোগ তৈরি করে গোল না পাওয়ায় সকারও নিরাশ। কখনো কখনো মোহামেডানের চেয়ে ভালো ফুটবল খেলেছে তারাই, একবার মোহামেডানের পোস্টে বলও পাঠিয়েছে। অফসাইডের কারণে সেটি বাতিল করায় সকারের কোচ লাডিবাবা লোলার চোখে খলনায়ক রেফারি। তাঁর অভিযোগ, ‘চট্টগ্রামের এই তিন ম্যাচের প্রতিটিতেই অন্তত একটি করে পেনাল্টি পেতে পারতাম আমরা। কিন্তু আমাদের পেনাল্টি দেওয়া হলো না। এটা অন্যায়।’

মাঠে অবশ্য পেনাল্টির জোরালো দাবি জানাতে দেখা যায়নি সকার খেলোয়াড়দেরও। রেফারিং নিয়ে প্রায়ই কথা বলেন রহমতগঞ্জ কোচ কামাল বাবু। এবার তাঁর সঙ্গে যোগ দিলেন লাডিবাবাও।