জিতে আবাহনীকে পেল ব্রাদার্স
বক্সের একটু বাইরে থেকে ব্রাদার্সের হাইতিয়ান স্ট্রাইকার অগাস্টিন ওয়ালসনের নিরীহ ফ্রি-কিক। মানবদেয়ালের ফাঁক গলে সোজা বলটি শেখ জামাল ধানমন্ডির গোলরক্ষক মোস্তাকের পায়ের নিচে দিয়ে জালে! ইএসপিএন-স্টারে দেখানো মজার গোলের তালিকায় এটিকে রাখা যেতে পারে অনায়াসে। এক মিনিট পরই আরেকটি আক্রমণে মোস্তাক ‘ফিস্ট’ করলেন। ওয়ালসন মাপা শটে বল পাঠালেন জালে।
হঠাৎ ভোজবাজির মতো সব গেল পাল্টে। ৭১ মিনিটে ইয়াছিনের গোলে এগিয়ে যাওয়া শেখ জামাল খেই হারিয়ে ৮২ ও ৮৩ মিনিটে খেয়ে বসল দুই গোল। নিরুত্তাপ বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রাণের ছোঁয়ায় তখন জেগে উঠেছে ফেডারেশন কাপের শেষ গ্রুপ ম্যাচ।
দুই দল আগেই কোয়ার্টার ফাইনালে উঠে যাওয়ায় এটি ছিল গ্রুপ চ্যাম্পিয়নশিপ নির্ধারণী। প্রথমার্ধের খেলা দেখে অবশ্য মনে হয়নি দু দলের কেউ জিততে চায়। তবে শেষ পর্যন্ত হেরে শেখ জামালেরই বরং লাভ হলো। জিতলে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে পেত ‘এ’ গ্রুপে রানার্সআপ আবাহনীকে। এই আবাহনীর কাছেই স্বাধীনতা কাপের সেমিফাইনালে শেখ জামাল উড়ে গিয়েছিল ৬ গোলে! এবার ফেডারেশন কাপের শেষ আটে এখন দলটির প্রতিপক্ষ তুলনামূলক সহজ ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন আরামবাগ। তবে এসব সমীকরণ মাথায় না নিয়ে বরং জয়টাকেই বড় করে দেখছেন ব্রাদার্স কোচ বালগোপাল মহারাজন। নেপালি এই কোচ শেখ জামালকে হারানোর স্বাদ নিয়েই দলকে তুললেন শেষ আটে।
তবে শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে যেতে পারল না কদিন আগেই স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী। নিষেধাজ্ঞা কাটিয়ে মামুনুলরা ফেরার পর দলটি কিনা মুখ থুবড়ে পড়ল! তাদের বিদায় কাল নিশ্চিত হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের বিপক্ষে শেখ রাসেলের ৩-০ গোলের সহজ জয়ে। মুক্তিযোদ্ধা ২ গোলের ব্যবধানে জিতলেই কোয়ার্টার ফাইনালের আশা ছিল চট্টগ্রাম আবাহনীর। কিন্তু চট্টগ্রাম আবাহনীর সঙ্গে প্রথম ম্যাচে ড্র করা শেখ রাসেল শেষ গ্রুপ ম্যাচে দাঁড়াতেই দেয়নি মুক্তিযোদ্ধাকে।
শেখ রাসেলের তিনটি গোলই প্রথমার্ধে—২৯ মিনিটে ইকাঙ্গা, ৩২ মিনিটে শাহেদ ও ৪৪ মিনিটে পল এমিলি। এ অবস্থা থেকে নিজেদের আর ফিরে পায়নি মুক্তিযোদ্ধা। যদিও দ্বিতীয়ার্ধে গা ছাড়া ফুটবলই খেলেছে শেখ রাসেল। আনফিট থাকায় খেলতে পারেনি দলটির আক্রমণের বড় অস্ত্র ফিকরু। তাতেও বড় জয় তুলতে সমস্যা হয়নি শেখ রাসেলের।
শেষ আটের সূচি
১৭ জুন আরামবাগ-শেখ জামাল
১৮ জুন শেখ রাসেল-রহমতগঞ্জ
১৯ জুন ব্রাদার্স-আবাহনী
২০ জুন বিজেএমসি-মুক্তিযোদ্ধা
* সব ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে, শুরু বিকেল ৩-৪৫ মি.।