দুই মোহামেডানের লড়াইয়ে জয়ী ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম গোলের পর ঢাকা মোহামেডানের জয়ের নায়ক পিটারের ব্যতিক্রমী উদ্‌যাপন। তাঁর পেছনে সতীর্থ ইব্রাহিম। কাল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে l প্রথম আলো
প্রথম গোলের পর ঢাকা মোহামেডানের জয়ের নায়ক পিটারের ব্যতিক্রমী উদ্‌যাপন। তাঁর পেছনে সতীর্থ ইব্রাহিম। কাল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে l প্রথম আলো

৯৩তম মিনিটে এমএ আজিজ স্টেডিয়ামে ঢাকঢোলের বাদ্যির মধ্যে কান পাতা দায়। কলকাতা মোহামেডানের ডিফেন্ডার কুনাল ঘোষ ব্যাক পাস করলেন গোলরক্ষক বিলাল হোসেনকে। কুনাল অসতর্কভাবে বলটা তুলে দেন ঢাকা মোহামেডানের নাইজেরিয়ান স্ট্রাইকার পিটারের পায়ে। আলতো টোকায় বল জালে পাঠালেন ম্যাচে মোহামেডানকে প্রথম গোলটিও এনে দেওয়া পিটার। হাঁফ ছেড়ে বাঁচলেন সবাই।
১-১ স্কোরলাইনটা ধরে রাখতে পারলেও সেমিফাইনালে চলে যেত ঢাকা মোহামেডান। কিন্তু শেষ সময়ে কলকাতা মোহামেডান গোল করে জিতে গেলে আশাভঙ্গের বেদনাই সঙ্গী হতো। এই রাতে অমঙ্গল কিছু ঘটেনি। দুই মোহামেডানের দ্বৈরথ জিতেই ‘এ’ গ্রুপে রানার্সআপ হয়ে শেষ চারে জসিমউদ্দিন জোসির দল।
অথচ জোহরের নামাজ পড়ে হোটেলে ঢোকামাত্র এই জোসির কপালে পরিষ্কার চিন্তার ভাঁজ চোখে পড়েছিল। ছয়জন খেলোয়াড় চোটের কারণে খেলতে পারবেন না—কলকাতা মোহামেডানের সঙ্গে সেমিফাইনালে ওঠার লড়াইটা নিয়ে গোটা দলই যেন কাঁপছিল মাঠে নামার আগে। কিন্তু জোড়াতালির দল নিয়ে এদিন শুরুর দিকে উজ্জ্বল ঢাকা মোহামেডান।
প্রথম মিনিট বিশেক ঢাকার পরাশক্তির ঝাঁজ দেখে ঘাবড়ে গিয়ে থাকবে কলকাতার দলটি। একের পর এক আক্রমণে কোণঠাসা প্রতিপক্ষ মাথা তোলারই সুযোগ পাচ্ছিল না। চাপের মুখে বড় ভুলও করে ফেললেন কলকাতা মোহামেডানের ডিফেন্ডার কারিম নুরিম। তাঁর শিশুতোষ ভুলে বল পেয়ে গেলেন খেলোয়াড়-সংকটে কালই প্রথম মোহামেডানের জার্সি গায়ে তোলা ফরাশগঞ্জের নাইজেরিয়ান স্ট্রাইকার পিটার। কিন্তু ফাঁকা পোস্ট পেয়েও বল লাগালেন কিনা পোস্টে!
বাঁ প্রান্ত দিয়ে বারবার উঠছিলেন ফয়সাল মাহমুদ। বেশ কয়েকটা বল বের করে দিলেন। কিন্তু গোল আসছিল না। তবে মনে হচ্ছিল মোহামেডানের হাতে গোল ধরা দেবে যেকোনো সময়ই।
১৮ মিনিটে ফয়সালের কর্নারে পিটারের দুর্দান্ত হেডটা জালে (১-০)। সেমিফাইনালে উঠতে যেখানে ড্র-ই যথেষ্ট, গোল করে এগিয়ে যাওয়া মানে নির্ভার থাকা। কিন্তু এই ‘নির্ভার’ মানসিকতাই চাপে ফেলে দিল ঢাকা মোহামেডানকে। কলকাতা মোহামেডানের আক্রমণের সামনে খেই হারাল অরূপ, মিন্টু শেখদের রক্ষণ, একবার তো ভাগ্যক্রমে বল লাগল ক্রসবারে। কিন্তু ৪১ মিনিটে মিন্টু শেখ এ কী করলেন!
বলটা সহজেই ক্লিয়ার করতে পারতেন। অহেতুক কাটাতে গিয়ে প্রতিপক্ষ স্ট্রাইকার কাজিম বোলানির পায়ে দিলেন জমা, সেই বল কোনাকুনি শটে জালে পাঠালেন কাজিম (১-১)।
দ্বিতীয়ার্ধে ক্লান্ত মোহামেডান অনেকটাই দাঁড়িয়ে পড়ল। শরীর আর চলছিল না খেলোয়াড়দের। তবু সেমিতে ওঠার অদম্য ইচ্ছারই জয় হলো শেষ পর্যন্ত। জয়টা যেভাবে এল, তাতেই যেন জোসির বেশি আনন্দ, ‘আমি খুবই খুশি। চোট-আঘাতে জর্জরিত দল নিয়েও জিতলাম। অসাধারণ।’ কলকাতা মোহামেডানের কোচ সুব্রত ভট্টাচার্য হারের জন্য দায়ী করলেন তাঁর দলের দুর্বল গোলকিপিংকে।
সেমিতে বাজান
এগিয়ে গিয়েও শেষ রক্ষা করতে পারল না সলিড এফসি। শেখ কামাল টুর্নামেন্ট থেকে বিদায়ই নিতে হলো শ্রীলঙ্কার দলটিকে। শেষ গ্রুপ ম্যাচে সলিডকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালের টিকিট কেটেছে আফগানিস্তানের ডি স্পিন গর বাজান।
পয়েন্ট তালিকা
গ্রুপ ‘এ’
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
স্পিন গর বাজান ৩ ২ ১ ০ ৭/৪ ৭
ঢাকা মোহামেডান ৩ ২ ০ ১ ৮/৩ ৬
সলিড এফসি ৩ ১ ০ ২ ৪/১০ ৩
কলকাতা মোহামেডান ৩ ০ ১ ২ ৫/৭ ১
গ্রুপ‘ বি’
ইস্টবেঙ্গল ৩ ২ ১ ০ ৫/২ ৭
চট্টগ্রাম আবাহনী ৩ ২ ০ ১ ৬/৪ ৬
ঢাকা আবাহনী ৩ ১ ১ ১ ৩/৩ ৪
করাচি ইলেকট্রিক ৩ ০ ০ ৩ ৫/১০ ০

প্রথম সেমিফাইনাল
স্পিন গর বাজান-চট্টগ্রাম আবাহনী
(২৭ অক্টোবর, ৭–৪০ মি.)
দ্বিতীয় সেমিফাইনাল
ইস্টবেঙ্গল-ঢাকা মোহামেডান
(২৮ অক্টোবর, ৭–৪০ মি.)