কখনো রক্ষণ, কখনো আক্রমণভাগ নিয়ে কাজ চলল। দায়িত্ব নেওয়ার পর থেকেই দল মেরামতের এই কাজগুলো করে চলেছেন মারুফুল হক। নেপাল ম্যাচের আগের বিকেলেও বুয়েট মাঠে অনুশীলন করে গেলেন। কিন্তু ম্যাচে সুর-তাল-লয়টা ঠিক মিলছে না। আজ রক্ষণে সমস্যা বেশি হলে কাল আক্রমণে।
পরশু মালয়েশিয়া একাদশের সঙ্গে রক্ষণ তুলনামূলক একটু ভালো করলেও আক্রমণভাগের দুর্বলতা ফুটে বেরিয়েছে আবারও। ১: ১ অবস্থায় ধারাবাহিকভাবেই গোল নষ্ট হচ্ছে। কোচ মারুফুল এ নিয়ে বেশ চিন্তিত।
তাই বঙ্গবন্ধু কাপের সেমিফাইনালে ওঠা নিয়ে বড় কোনো অনিশ্চয়তা না থাকলেও স্বস্তিতে নেই তিনি। সমীকরণটা অবশ্য সহজই। এমনও হতে পারে আজই বিকেল ৩টায় শুরু ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে বা ড্র করলে সাড়ে ৬টায় শুরু ম্যাচে নেপালের কাছে হারলেও বাংলাদেশ সেমিফাইনালে উঠবে। মালয়েশিয়া জিতলে এবং বাংলাদেশ-নেপাল ড্র হলে তিন দলেরই পয়েন্ট হবে সমান পাঁচ। সে ক্ষেত্রেও গোলগড়ে এগিয়ে থাকা বাংলাদেশ যাবে শেষ চারে।
মারুফুল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে পা রাখতে চান। তবে তাঁর মনে সংশয়ও আছে, ‘আমরা নেপালকে হারিয়ে গ্রুপসেরা হতে পারি ঠিক আছে। মনেপ্রাণে সেটা চাইছিও। কিন্তু মাঠে সামর্থ্যের প্রয়োগটা ঠিকঠাক করা যাবে কি না সেটাই প্রশ্ন। দলে এখনো অনেক ঘাটতি আছে।’ ঘাটতিটা দূর করতে মানসিক টনিক হতে পারে অতীত রেকর্ড। দুদলের সাক্ষাতে নেপালের ছয় জয়ের বিপরীতে বাংলাদেশের ১২ জয়, ড্র হয়েছে দুটি ম্যাচ। কদিন আগেই পুরো শক্তির নেপাল জাতীয় দলকে প্রীতি ম্যাচে ঢাকায় ১-০ গোলে হারানোর আত্মবিশ্বাসও সঙ্গী।
তবে রেকর্ড তো আর মাঠে খেলে দেবে না। এই জায়গায় নেপালের অনূর্ধ্ব-২৩ দলটিকেও স্কিল, টেকনিক এবং ট্যাকটিক্যালি এগিয়ে রাখছেন বাংলাদেশের কোচ। নেপালের কোচ বালগোপাল মহাজন অবশ্য সমীহ করছেন বাংলাদেশকে, ‘বাংলাদেশ শক্তিশালী দল। আমরা তাদের সমীহ করি।’
প্রতিপক্ষ যা-ই বলুক না কেন, পয়েন্টের হিসাব-নিকাশ বলছে বাংলাদেশ দল চাপে হাঁসফাঁস করছে না। কিন্তু নিজেদের মেলে ধরার নীরব চাপটা আছে।