জিতেই চলেছে ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্বে সময়টা দুর্দান্ত যাচ্ছে ব্রাজিলের। আগের ম্যাচেই মিনেইরোতে আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। আজ লিমায় পেরুর বিপক্ষে ২-০ গোলের জয় বাছাইপর্বে টানা ছয় ম্যাচে সাফল্যের হাসি হাসল তিতের দল। ১৯৬৯ সালে পেলে-কার্লোস আলবার্তোর ব্রাজিলের পর এই প্রথমবারের মতো বাছাইপর্বে টানা ছয় ম্যাচ জয়ের কীর্তি গড়ল নেইমার-জেসুস-আগুস্তোদের ব্রাজিল। পেরুর বিপক্ষে জয় বাছাইপর্বে লাতিন অঞ্চলে ৪ পয়েন্টের পরিষ্কার ব্যবধানে শীর্ষস্থানটা বজায় রাখল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
লিমায় আক্রমণ-প্রতি আক্রমণের এই ম্যাচটা দারুণ জমেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে গ্যাব্রিয়েল জেসুস আর রেনাতো আগুস্তো নিশ্চিত করেন ব্রাজিলের জয়। জেসুসের গোলটি ম্যাচের ৫৮ মিনিটে। দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি ৭৮ মিনিটে রোনাতো আগুস্তোর দ্বিতীয় গোলেও দারুণ অবদান তাঁর।
আগের ১০ ম্যাচে ব্রাজিলের সঙ্গে একবারও জিততে না পারা পেরু নিজেদের মাঠে দাঁতে দাঁত চেপেই লড়াই করে গেছে। কিন্তু শেষ পর্যন্ত তাদের হার দুটি দারুণ ফিনিশিংয়ের কাছে। ভালো খেলেও খালি হাতে মাঠ ছাড়ার বেদনাটা ভালোই টের পাচ্ছেন পেরুর আর্জেন্টাইন কোচ রিকার্ডো গারেসা। ম্যাচের সাত মিনিট না গড়াতেই ব্রাজিলকে পেছনে ফেলার ওই সুযোগটা যদি ক্রসবারে লেগে ফেরত না আসত, তাহলে হয়তো গল্পটা একটু অন্যভাবেই বলতে হতো।
ম্যাচের সপ্তম মিনিটে কুয়েভার সঙ্গে ওয়ান-টু খেলে ব্রাজিলের রক্ষণে ঢুকে পড়েন পেরুর আন্দ্রে কারিলো। কিন্তু দুর্ভাগ্য তাঁর। বলটি ক্রসবারে লেগে ফিরে আসে।
ম্যাচের ৫৮ মিনিটে নিখুঁত লক্ষ্যভেদে ব্রাজিলকে এগিয়ে দেন জেসুস। ডি বক্সের মধ্যে কুতিনহো বল নিয়ে ঢুকে পড়ে গেলেও পেরুর এক রক্ষণভাগের খেলোয়াড়ের পায়ে লেগে বল ফাঁকায় দাঁড়ানো জেসুসের কাছে চলে এলে তিনি গোল করেন। ৭২ মিনিটে ক্রিস্টিয়ান রামোস গোলটি শোধ করে দিতে পারতেন। কিন্তু তাঁর হেড অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ৭৬ মিনিটে কুতিনহোর পাস থেকে বল পেয়ে নেইমারের নেওয়া তীব্র শটটি ক্রসবারে লেগে ফিরে আসে।
৭৮ মিনিটে জেসুসের পাস থেকে গোল করে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে নেন আগুস্তো। পেরুর ডি-বক্সের মধ্যে ঢুকে ফাঁকায় আগুস্তোর দিকে বাড়িয়েছিলেন তিনি। আগুস্তো বল জালে পাঠাতে একেবারেই ভুল করেননি।
দলের জয়ে অবদান রাখতে পেরে দারুণ খুশি জেসুস। ম্যাচ শেষে তিনি টিভি গ্লোবোর সঙ্গে আলাপচারিতায় বলেছেন, ‘আমি চুপচাপ পরিশ্রম করে যাচ্ছি। পরিশ্রমটা করি মাঠে দলকে, দলের খেলোয়াড়দের সাহায্য করতে।’ ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়ে অসম্ভব গর্বিত এই ১৯ বছর বয়সী ফুটবলার, ‘ব্রাজিলে অনেকেই আছে, যারা দলের ৯ নম্বর জার্সিটি পরার যোগ্যতা রাখে। আমি নিজেকে ভাগ্যবানই মনে করি, এই জার্সিটা পরতে পেরেছি বলে। আমি এই জার্সির সম্মান বজায় রাখতে পেরে গর্বিত।’ সূত্র: রয়টার্স।