জিতেই জবাব মেক্সিকানদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সঙ্গে জয় তো সব সময় মধুর। আর সেটি বিশ্বকাপের বাছাইয়ে যুক্তরাষ্ট্রের মাঠে হলে তো কথাই নেই! ম্যাচ শেষে মেক্সিকো খেলোয়াড়দের উদ্‌যাপনে এমনই উচ্ছলতা l এএফপি
প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সঙ্গে জয় তো সব সময় মধুর। আর সেটি বিশ্বকাপের বাছাইয়ে যুক্তরাষ্ট্রের মাঠে হলে তো কথাই নেই! ম্যাচ শেষে মেক্সিকো খেলোয়াড়দের উদ্‌যাপনে এমনই উচ্ছলতা l এএফপি

নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী মেক্সিকানদের তাড়িয়ে দেবেন। বলেছিলেন, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সীমান্তে দেয়াল তুলবেন। সেই ট্রাম্পই শেষ পর্যন্ত নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ট্রাম্প নির্বাচিত হওয়ার দুই দিন পর যুক্তরাষ্ট্রেই কাল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হলো মেক্সিকো-যুক্তরাষ্ট্র। ওহাইওর কলম্বাসের সেই ম্যাচে ফুটবলের দেয়াল হয়ে থাকা একটা ইতিহাস গুঁড়িয়ে দিয়ে মেক্সিকো হারাল যুক্তরাষ্ট্রকে, ২-১ গোলে।

তা ইতিহাসটা কী? কলম্বাসে ২০০১ সাল থেকে শুরু করে এর আগে যতবারই মুখোমুখি হয়েছে দুই দল, প্রতিবারই মেক্সিকো হেরেছে ২-০ গোলে। নিজেদের জন্য বিব্রতকর হয়ে ওঠা ‘ধারা’টা ভেঙে মার্কেজ-হার্নান্দেজরা গড়েছেন একটা রেকর্ডও, ১৯৭২ সালের পর বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের মাটিতে এটি মেক্সিকোর প্রথম জয়।

আগের রেকর্ডের কারণে এই মাঠে যুক্তরাষ্ট্র-মেক্সিকো ম্যাচ হলেই সেটির শিরোনাম হয়ে ওঠে ‘দোস আ চেরো’ (দুই-শূন্য)। ম্যাচের আগে ৫০ হাজার আমেরিকান সমর্থকও কাল সমস্বরে গেয়েছিলেন, ‘দোস আ চেরো, দোস আ চেরো’। তবে পরশুই প্রথমবারের মতো মাঠ ছাড়ার সময় অতিথি মেক্সিকোর সমর্থকেরাও দিলেন পাল্টা জবাব। স্টেডিয়াম ছাড়লেন গাইতে গাইতে, ‘দোস আ উনো, দোস আ উনো’ (দুই-এক)।

ম্যাচের পর ‘এল ত্রি’ অধিনায়ক রাফায়েল মার্কেজকে প্রশ্নও করা হয়, নির্বাচনী প্রচারাভিযানে ট্রাম্পের অমন মন্তব্যের পর এই জয় ‘আরও মধুর’ হয়ে উঠেছে কি না। মার্কেজের উত্তর, ‘সম্ভবত এখন ওদের (মেক্সিকান অভিবাসী) একটু খারাপ সময় যাচ্ছে। এই জয় অন্তত কিছু সময়ের জন্য হলেও এখানে (যুক্তরাষ্ট্রে) যা হয়েছে, তা ভুলে থাকতে ওদের সাহায্য করবে।’ টেলিগ্রাফ, ইএসপিএন।