জিতেই বাঁকবদলের আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলার জন্য ঢাকায় কিরগিজস্তান ফুটবল দল। গতকাল শাহজালাল বিমানবন্দরে l প্রথম আলো
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলার জন্য ঢাকায় কিরগিজস্তান ফুটবল দল। গতকাল শাহজালাল বিমানবন্দরে l প্রথম আলো

শেখ জামাল ক্লাব মাঠে অনুশীলনে বেশ হাসিখুশি দেখাচ্ছিল জাহিদ হাসান এমিলিকে। পরশু রাতে পুত্রসন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের এই স্ট্রাইকার। সদ্যোজাত সন্তানের নামটা রেখেছেন জার্মান মিডফিল্ডার মেসুত ওজিলের সঙ্গে মিলিয়ে—মোহাম্মদ ওজিল। ছেলে ভবিষ্যতে ফুটবলার হবে কি না, সেটি জানেন না এমিলি। কিন্তু এটা জানেন, কিরগিজস্তানকে হারাতে না পারলে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের কাঙ্ক্ষিত গন্তব্যটা কঠিন হয়ে যাবে।
এমিলিরা অবশ্য খুব বেশি জানেন না বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম প্রতিপক্ষ কিরগিজস্তান সম্পর্কে। আগামীকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশের ২০১৮ রাশিয়া বিশ্বকাপের অভিযান শুরু হচ্ছে। সাত দিনের কন্ডিশনিং ক্যাম্প করে দুবাই হয়ে কাল রাতে ঢাকা পৌঁছেছে মধ্য এশিয়ার দল কিরগিজস্তান।
কিরগিজস্তানের সঙ্গে খেলা দুটি ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ। ২০০৭ সালে নয়াদিল্লিতে নেহরু কাপে ৩-০ গোলে; আর ২০০৮ সালে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে ২-১ ব্যবধানে। বিশেকেকের ওই ম্যাচে এমিলির গোলে এগিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। ওই দুটি ম্যাচে কিরগিজদের সঙ্গে খেলা বর্তমান বাংলাদেশ দলে একমাত্র ফুটবলার এমিলি। আর এএফসি চ্যালেঞ্জ কাপে খেলেছিলেন বর্তমান অধিনায়ক মামুনুল ইসলাম।
ফিফা র্যাঙ্কিংয়ে কিরগিজস্তানের (১৭৭) চেয়ে ১১ ধাপ এগিয়ে বাংলাদেশ। প্রায় ১১ মাস আন্তর্জাতিক ফুটবল না খেলায় কিরগিজদের এই অবনমন।
র্যাঙ্কিংয়ে যতই তারা পিছিয়ে থাকুক, কিরগিজস্তানকে নিয়ে বেশ সতর্ক এমিলি, ‘কিরগিজস্তান, তাজিকিস্তান খুব শক্তিশালী দল। যেহেতু এটা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ, তাই মোটেও হালকা করে নিচ্ছি না ওদের।’ কিরগিজদের হারানোর স্বপ্নটাই বরং দেখছেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ স্ট্রাইকার, ‘আগেও ওদের সঙ্গে আমরা খেলেছি। ওদের সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে। বর্তমানে আমরা যেমন ফুটবল খেলছি, তাতে ওদের বিপক্ষে জেতা সম্ভব।’
ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়াম বলেই এমিলি বেশি আশাবাদী, ‘দেশের মাটিতে কোনো প্রতিপক্ষকে নিয়েই আলাদা চাপে থাকি না। আমাদের সাফল্যের বেশির ভাগই তো দেশের মাটিতে পাওয়া।’
সাত বছর আগের কিরগিজস্তান, নাকি বর্তমান দলটি বেশি কঠিন সেটি নিয়ে সংশয় আছে বাংলাদেশ দলের কোচ, খেলোয়াড়দের। এমিলি নিজেও অন্ধকারে, ‘দুই দিন আগে আফগানিস্তানের সঙ্গে ওদের একটি প্রীতি ম্যাচের ভিডিও ফুটেজ দেখিয়েছেন কোচ। সেটি দেখে ওদের খেলার বর্তমান কৌশলটা বোঝার চেষ্টা করছি আমরা।’
বর্তমান কিরগিজস্তান দলের তিনজন খেলেন জার্মানিতে—মিডফিল্ডার সার্গেজ এভলুসকিন, ভিক্টর মায়ের এবং ফরোয়ার্ড ভিতালিজ লাক্স। পোল্যান্ডে আরেক মিডফিল্ডার এডগার বার্নহার্ড। ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভের ‘বি’ দলে খেলছেন মিডফিল্ডার অখিলদিন ইসরায়েলভ। সার্বিয়াতে খেলেন মিডফিল্ডার অ্যান্টন জেমলিয়ানুখিন ও গোলরক্ষক ভ্যালেরি কাসহুবা। রুশ কোচ আলেক্সান্ডার ক্রেস্টিনিন গত বছর থেকেই এই দলের দায়িত্বে আছেন।
বাংলাদেশ দলের ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরী প্রতিপক্ষকে রুখে দেওয়ার ব্যাপারে বেশ প্রত্যয়ী, ‘ঘরের মাঠে খেলা বলেই আমরা আত্মবিশ্বাসী। আমাদের কাছে জয়ের কোনো বিকল্প নেই। হ্যাঁ, ওদের সম্পর্কে আমাদের খুব বেশি ধারণা নেই। তবে এটুকু জানি শারীরিকভাবে, টেকনিক্যালি ও টেকটিক্যালি ওরা বেশ শক্তিশালী।’
কিরগিজস্তানকে শক্তিশালী মেনেই তাদের হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে শুভ সূচনা করতে চান অধিনায়ক মামুনুল, ‘আমাদের প্রথম লক্ষ্য কিরগিজস্তানকে হারানো এবং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ কোচ লোডভিক ডি ক্রুইফের মতোই এই মিডফিল্ডারের স্বপ্ন বিশ্বকাপ বাছাইপর্বে বাঁক বদল হবে দেশের ফুটবলের, ‘শুধু কিরগিজস্তান নয়, তাজিকিস্তানের ম্যাচটাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের ফুটবলটা কোথায় নিয়ে যেতে চাই আমরা, তা অনেকখানি নির্ভর করছে এই দুটি ম্যাচের ফলের ওপর।’