জিতেই সেমিতে আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল করেই গ্যালারির দিকে ছুটলেন আবাহনী মিডফিল্ডার জুয়েল রানা (সামনে)। পেছনে তাঁর উদ্‌যাপন সঙ্গী ফয়সাল মাহমুদ (মাঝে) ও সানডে সিজোবা। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
গোল করেই গ্যালারির দিকে ছুটলেন আবাহনী মিডফিল্ডার জুয়েল রানা (সামনে)। পেছনে তাঁর উদ্‌যাপন সঙ্গী ফয়সাল মাহমুদ (মাঝে) ও সানডে সিজোবা। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

প্রথম দিন ঢাকায় এসেই ড্র করে আবাহনীকে দেখেছিলেন পয়েন্ট খোয়াতে। ভিআইপি গ্যালারিতে বসে ক্রোয়াট কোচ দ্রাগো মমিচ শুধু আফসোস করেছিলেন। পরের ম্যাচে ডাগ-আউটে দাঁড়িয়েও আবাহনীকে জয় এনে দিতে পারেননি মমিচ। অবশেষে তাঁর মুখে হাসি ফোটালেন জাতীয় দলের মিডফিল্ডার জুয়েল রানা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই তরুণের একমাত্র গোলটিতেই জিতেছে আবাহনী (১-০)। শেখ রাসেলের বিপক্ষে এই জয়ে সেমিফাইনালও নিশ্চিত করেছে আকাশি-নীল দল।
ড্র করলেই সেমিফাইনাল—এমন সমীকরণ সামনে রেখে কাল খেলতে নেমেছিল আবাহনী। কিন্তু দ্বিতীয়ার্ধে ওয়ালী ফয়সাল, লি টাক, জুয়েল রানাদের পরিশ্রমী ও বুদ্ধিদীপ্ত খেলায় পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে তারা। ৫ ম্যাচে ২ জয়, ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ চারে উঠেছে আবাহনী। সমান ম্যাচে ৩ জয়, ১ ড্র ও ১ হারে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন শেখ রাসেল।
শেখ রাসেল ফরোয়ার্ড ফিকরু তেফেরা কালও বলের জোগান পাননি। বলই যদি না পান গোল করবেন কী করে! গোলের অপেক্ষায় থেকে থেকে শেষ পর্যন্ত হারই মানতে হয়েছে শেখ রাসেলকে। তবে ম্যাচ হারের জন্য শেখ রাসেলের কোচ মারুফুল হকের কাঠগড়ায় দলের রক্ষণভাগ, ‘দুর্বল রক্ষণভাগের জন্যই আজ আমরা হেরেছি। এই রক্ষণভাগ নিয়ে পুরো মৌসুম কীভাবে খেলব তা নিয়েই চিন্তিত আমি।’
প্রথমার্ধে গোলের জন্য হাহাকার করে গেছে দুই দলই। দ্বিতীয়ার্ধে কৌশল বদলে ফেলেন আবাহনী কোচ মমিচ। শাহেদুল আলমকে তুলে নিয়ে মাঠে নামান জুয়েল রানাকে। গোলের জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আবাহনীকে। ৭১ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন জুয়েল (১-০)।
৮৮ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেছেন শেখ রাসেল ফরোয়ার্ড পল এমিলি। বক্সের মধ্যে ঢুকে গোলরক্ষক শাকিলকে একা পেয়েও বল মেরেছেন বাইরে। পাশেই দাঁড়ানো ফিকরুকে বলটি বাড়িয়ে দিলে কিন্তু গোল হয়!
ম্যাচ শেষে আবাহনীর ড্রেসিংরুমের উৎসবে কোচের মুখে ঝুলে থাকল হাসি। পেছনের ভুলগুলো শুধরে মমিচ এখন সামনে তাকাতে চান, ‘আজ (কাল) কঠিন এক প্রতিপক্ষের সঙ্গে খেলতে হয়েছে আমাদের। এটা ভেবে ভালো লাগছে যে ছেলেরা আমার পরিকল্পনামতো খেলতে পেরেছে। আমার ফুটবল-দর্শনও ওদের মনে ধরেছে। ম্যাচে অবশ্য আরও বেশি গোল হতে পারত। তবে সেসব ভুলে এখন প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাই। আশা করি, আবাহনীকে ফাইনালে তুলতে পারব।’
সেমিফাইনাল লাইনআপ
৩ মে
১ম সেমিফাইনাল
শেখ জামাল-ঢাকা আবাহনী
৪ মে
২য় সেমিফাইনাল
শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী