জিতেই সেমিতে যাওয়ার আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শুরু বঙ্গবন্ধু কাপের ঢাকা-পর্ব। সিলেট থেকে ঢাকায় এসে অনুশীলনে মনোযোগী বাংলাদেশ দল। কাল শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে l প্রথম আলো
আজ শুরু বঙ্গবন্ধু কাপের ঢাকা-পর্ব। সিলেট থেকে ঢাকায় এসে অনুশীলনে মনোযোগী বাংলাদেশ দল। কাল শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে l প্রথম আলো

অনুশীলন শুরু হওয়ার কথা ছিল বিকেল চারটায়। কিন্তু তা এগিয়ে আনা হয় ঘন্টা খানেক। উদ্দেশ্য টিম হোটেলে গিয়ে যাতে মালয়েশিয়া-শ্রীলঙ্কা ম্যাচটি দেখতে পারে বাংলাদেশ দল। কাল বিকেলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলন শেষে কোচ লোডভিক ডি ক্রুইফ যখন গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন, ফুটবলাররা বাসে তাঁর জন্য অপেক্ষা করছেন।
গ্রুপপর্বের কালকের ম্যাচটি বাংলাদেশ দলের সব খেলোয়াড়ই আগ্রহভরে দেখেছেন। ওই ম্যাচের জয়-পরাজয়ের সমীকরণের ওপরই যে নির্ভর করছিল বাংলাদেশের সেমিফাইনালে যাওয়া। মালয়েশিয়ার কাছে হেরেছে শ্রীলঙ্কা। এই হারে শেষ চারে ওঠার আশাও ভালোভাবেই টিকে আছে বাংলাদেশের। শ্রীলঙ্কার সঙ্গে ড্র হলেই চলবে।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার সঙ্গে। এ জন্য সিলেট থেকে পরশুই ঢাকা ফিরে এসেছে দল। তবে কালই প্রথম অনুশীলন করল। অনুশীলন বলতে দুই দলে ভাগ হয়ে ম্যাচ খেলা। মাঠের মাঝখানে দাঁড়িয়ে সারাক্ষণ ফুটবলারদের বিভিন্ন নির্দেশনা দিয়ে গেলেন ডি ক্রুইফ।
সেমিফাইনালে উঠতে এখন শ্রীলঙ্কার সঙ্গে ড্র করলেই চলবে বাংলাদেশের। কিন্তু ড্র নয়, তিন পয়েন্ট নিয়েই শেষ চারে ওঠার আশা ডি ক্রুইফের, ‘আমাদের একমাত্র লক্ষ্য পরের রাউন্ড। আমরা এটির জন্য লড়ব। আমরা ৩ পয়েন্ট চাই। আমরা জয়ের জন্যই খেলব।’
ফরোয়ার্ডরা গোলের দেখা পাচ্ছেন না। পুরোনো সমস্যাটা কাল আবারও স্বীকার করে নিলেন ডি ক্রুইফ, ‘ফুটবলে গোল করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু ছেলেরা ঠিক সময়ে গোল করতে পারছে না। এ জন্য ম্যাচে ওদের মনঃসংযোগ বাড়াতে হবে। কোচ হিসেবে আমি সেই চেষ্টাই করে যাচ্ছি।’ ফুটবলারদের মানসিক সমস্যা কাটাতে মনোবিদ নিয়োগের কথাও বলেছিলেন তিনি। তবে এখনই সেটি চাইছেন না, ‘এখন একজন মনোবিদ থাকলে ভালো হতো। এই পরিকল্পনাটা খুব ভালো। কিন্তু আপাতত এসব নিয়ে ভাবছি না। এখন আমার সব নজর শ্রীলঙ্কার ম্যাচ ঘিরে। ছেলেরা পরের রাউন্ডে যেতে মরিয়া। ওরা জানে আমাদের কী করতে হবে। এবং ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।’
মালয়েশিয়ার সঙ্গে ম্যাচে স্ট্রাইকার এমিলি গোলের দারুণ কয়েকটি সুযোগ নষ্ট করেছেন। তবে হতাশা ঝেড়ে ফেলে সামনেই তাকাচ্ছেন এমিলি, ‘খেলার মাঠে সবারই একটা বাজে দিন আসে। আমাদেরও ওটা ছিল একটা খারাপ দিন। মাঠের সমস্যার কারণেই সেদিন সুযোগগুলো নষ্ট হয়েছে। সিলেটের অসমতল মাঠে বল বারবার লাফিয়ে উঠছিল। তবে এসব হতাশা ভুলে শ্রীলঙ্কার সঙ্গে প্রত্যাশার চেয়েও ভালো খেলতে চাই।’