জিতেও অখুশি কোটান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষে ডাগ-আউটে নীরব শেখ রাসেলের কোচ মারুফুল হক। বিষণ্ন, কিছুটা ক্ষুব্ধও। তবে খেলোয়াড়দের ওপর নয়, তাঁর যত ক্ষোভ আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর ওপর। বাফুফের কর্মকর্তা হয়েও রেফারিদের বারবার ‘প্রভাবিত’ করার চেষ্টা করেছেন, এমন অভিযোগ মারুফুল হকের! তবে এ অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আবাহনীর ম্যানেজার।
চলতি মৌসুমের টানা দ্বিতীয় টুর্নামেন্টের ফাইনালে উঠল আবাহনী। কোচ জর্জ কোটানের উচ্ছ্বসিতই হওয়ার কথা। কিন্তু তেমন খুশি হতে পারেননি খেলোয়াড়দের পারফরম্যান্সে। চোটের কারণে বড় ভরসা লি টাক কাল খেলতে পারেননি। কিন্তু সানডে সিজোবা ও কামারা সাররা জ্বলে উঠেছেন ঠিকই। তবু কোচের মুখে তেমন হাসি নেই, ‘আসলে ম্যাচটা আমাদের জন্য খুবই কঠিন ছিল। শেখ রাসেল অনেক শক্ত প্রতিপক্ষ। আমার ছেলেরা এই ম্যাচে বেশি গোলের সুযোগ পেয়েছে। কিন্তু সুযোগগুলো নষ্ট করেছে। আরও বেশি গোল করা উচিত ছিল আমাদের। আসলে দিনটাই আমাদের ছিল না। বরং শেখ রাসেলই আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে।’
আবাহনীর বড় সমস্যা আক্রমণভাগে। এক ড্র ও এক জয়ে কোনোরকম গ্রুপ পর্ব পেরিয়েছে। গ্রুপ পর্বে আরামবাগের কাছে হেরেছিল দলটি। আগামী পরশু সেই আরামবাগকেই আবার ফাইনালে পাচ্ছে আবাহনী। তবে এবার যেন প্রতিশোধের অপেক্ষায় কোটান, ‘ওই ম্যাচে দুর্ভাগ্যক্রমে হেরেছি আমরা। তবে এবার জিতে ট্রফিটা নিতে চাই।’ আবাহনী ফাইনালে হয়তো লি টাককে পাবে। কাল কোচ দিলেন সেই সুসংবাদ, ‘লির চোট সেরে উঠেছে। আশা করি, সে ফাইনালে খেলবে।’
গত এপ্রিলে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে বছরের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপটা জেতা হয়নি আবাহনীর। এবার লি-সানডে-কামারা একসঙ্গে জ্বলে উঠলে হয়তো ফেডারেশন কাপের নবম ট্রফিটা যাবে ধানমন্ডিতেই।