জিতেও অখুশি মারুফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলের জয়ে অভিষেক কোচ মারুফের  l প্রথম আলো
জাতীয় দলের জয়ে অভিষেক কোচ মারুফের l প্রথম আলো

সংবাদ সম্মেলনে মুখ গোমড়া করে থাকলেই বেশি মানাত প্যাট্রিক উইনান্ড অজেমসকে। নেপালের বেলজিয়ান কোচ কিন্তু হাসি হাসি মুখে ছেলেদের খেলার প্রশংসাই করে গেলেন। উল্টো জয়ী বাংলাদেশ দলের কোচ মারুফুল হকের মুখটাই গোমড়া হয়ে থাকল। সাফ ফুটবলে যাওয়ার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে যে কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলেন না তাঁর ফুটবলাররা।
ভারতে যাচ্ছেন একটি জয় সঙ্গী করে। তবে জাতীয় দলের কোচ হিসেবে নিজের অভিষেক ম্যাচটিকে আরেকটু রাঙিয়ে নিতে চেয়েছিলেন। সেটি হলো না, বাংলাদেশ জিতল কোনোক্রমে। মামুনুলদের পারফরম্যান্সে মারুফুল বেশ হতাশ, ‘ম্যাচটা জিতেছি এটা খুশির খবর। তবে ছেলেদের খেলায় মোটেও খুশি না। অনুশীলনে তাদের যেভাবে টুর্নামেন্টের জন্য তৈরি করেছি এর ৩০ ভাগও খেলতে পারেনি।’
১ গোল দিয়েই যেন দায়িত্ব শেষ ভেবেছিল দল। এরপর আর আক্রমণে ওঠার ইচ্ছেটা তাদের দেখা যায়নি। পুরোনো এই মানসিকতার সমালোচনাই করলেন কোচ, ‘১ গোলে এগিয়ে থাকার পর আর গোল দেব না, আমাদের মানসিকতাই এমন থাকে। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ১ গোল দিলে যে আরও ২ গোল দিতে পারি এই বিশ্বাসটা রাখতে হবে। আরও বেশি মনোযোগী হতে হবে খেলায়।’
প্রথম আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে খুব বড় পরীক্ষার মুখোমুখি হতে হয়নি গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে। কিন্তু কোচের মুখে মোহামেডানের এই গোলরক্ষকের প্রশংসাই শোনা গেল, ‘সে তার দায়িত্ব ভালোভাবেই পালন করেছে।’
পাঁচটি সাফে খেলার অভিজ্ঞ স্ট্রাইকার জাহিদ হাসান এমিলিকে খেলতে দেয়নি চোট। তাঁর বদলে সুযোগ পেয়েই জয়ের নায়ক শাখাওয়াত রনি। লাল-সবুজ জার্সি গায়ে দুই বছর আগে মারিয়ান আইল্যান্ডের বিপক্ষে সর্বশেষ গোলটি করেছিলেন শেখ জামালের স্ট্রাইকার। অনেক দিন পর আবারও গোল পেয়ে উচ্ছ্বসিত রনি, ‘স্ট্রাইকারের কাজই গোল করা। গোল পেয়ে ভালো লাগছে।’ খেলার আগে এমিলি তাঁকে জুগিয়েছিলেন আত্মবিশ্বাস, ‘মাঠে নামার আগে এমিলি ভাই ড্রেসিংরুমে অনেক উপদেশ দিয়েছেন। বাড়িয়ে দিয়েছেন আমার আত্মবিশ্বাস।’
নেপালে গত সাফে মাত্র একটা ম্যাচে খেলেছিলেন রনি। এবার চূড়ান্ত দলে সুযোগ পেলে দিতে চান নিজের সেরাটাই, ‘চূড়ান্ত দলে থাকব কি না নিশ্চিত নই। তবে সুযোগ পেলে শতভাগ দেওয়ার চেষ্টা করব।’
নেপাল দলটি একেবারে তরুণদের নিয়ে গড়া। মাত্র দু-একটি করে ম্যাচ খেলেছেন ছয়জন ফুটবলার। কাল বাংলাদেশের সঙ্গে ম্যাচে অভিষেক হয়েছে নবীন লামা ও হেমাং গুরুংয়ের। এই তরুণ দলটিই স্বাগতিক দলকে কোনঠাসা করে রাখায় খুশি কোচ অজেমস, ‘ম্যাচটি দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ ছিল। দলটি একেবারেই তরুণ। তারপরও ওরা যা খেলেছে তাতে আমি খুশি। দলে অভিজ্ঞ খেলোয়াড়ের অভাব। তাই কয়েকটি গোলের সুযোগ ওরা হাতছাড়া করেছে। আসলে ম্যাচের ফলের চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো যেভাবে ওরা খেলেছে।’