জিতেও কলম্বিয়ার অস্বস্তি
বিশেষ উপলক্ষটার সঙ্গী হতে প্রায় ৬৮ হাজার দর্শক হাজির হয়েছিলেন লেভাইস স্টেডিয়ামে। কারও গায়ে যুক্তরাষ্ট্রের সাদা জার্সি, বাকিদের কলম্বিয়ার ডোরাকাটা হলুদ। রঙিন এই গ্যালারির সামনে গান, নাচ, উৎসবের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রে কাল শুরু হয়ে গেল শতবর্ষপূর্তি কোপা আমেরিকার বিশেষ আয়োজন। তবে স্বাগতিক দর্শকদের জন্য আনন্দের সময়ও হয়ে ছিল শুধু ম্যাচের আগের ওই সময়টুকু। বিশেষ উপলক্ষটাকে তেতো করে দিয়ে কলম্বিয়া ম্যাচটা জিতেছে ২-০ গোলে।
রেফারির বাঁশি বাজার পর সময় যত গড়িয়েছে, যুক্তরাষ্ট্রের পারফরম্যান্সও তত ধূসর হয়েছে। ম্যাচের আট মিনিটে কর্নার থেকে ক্রিস্টিয়ান জাপাতার ভলিতে এগিয়ে যাওয়া, জয় নিশ্চিত হয় ৪২ মিনিটে হামেস রদ্রিগেজের পেনাল্টিতে। তবে কলম্বিয়া কোচ হোসে পেকারম্যানের জন্য ম্যাচটা একটু অস্বস্তি নিয়েও এসেছে। ম্যাচের ৬০ মিনিটের সময় চোট নিয়ে মাঠ ছেড়েছেন রদ্রিগেজ। গোলডটকম।