জিতেও খুশি নন সিমিওনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড়দের উল্লাস। কিন্তু নিচের সারির দল এইবারের বিপক্ষে ২-১ গোলের জয়ে খুশি হতে পারেননি কোচ ডিয়েগো সিমিওনে। ছবি: রয়টার্স
গোলের পর অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড়দের উল্লাস। কিন্তু নিচের সারির দল এইবারের বিপক্ষে ২-১ গোলের জয়ে খুশি হতে পারেননি কোচ ডিয়েগো সিমিওনে। ছবি: রয়টার্স

রায়ো ভায়োকানোর সঙ্গে প্রথম ম্যাচটিতে গোলশূন্য ড্র। দ্বিতীয় ম্যাচে এইবারের বিপক্ষে ২-১ গোলের কষ্টসাধ্য জয়। গতবারের শিরোপাজয়ী হিসেবে ঠিক সুবিচার করে খেলতে পারছে না অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগায় গতকাল নিজেদের প্রথম জয়টা তুলে নিতে পারলেও তাতে সন্তুষ্ট হতে পারছেন না কোচ ডিয়েগো সিমিওনে। শিরোপাটা ধরে রাখতে চাইলে যে আগামী ম্যাচগুলোতে আরও ভালো করতে হবে—সেটাই শিষ্যদের মনে করিয়ে দিয়েছেন এই আর্জেন্টাইন কোচ।

লা লিগায় এবারই প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছে এইবার। নিচের সারির এ দলটির বিপক্ষে তাই ২-১ গোলের জয়টা ঠিক মেনে নিতে পারছেন না সিমিওনে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমাদের আরও উন্নতি করতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম আমরা খুবই উপভোগ করি। জয়টা নিশ্চয়ই ইতিবাচক ব্যাপার। আর আশা করছি এর ফলটাও আমরা পাব।’

এবারের মৌসুমের শুরুতে অবশ্য প্রায় নতুন করেই দল সাজাতে হয়েছে সিমিওনেকে। ডেভিড ভিয়া, ডিয়েগো কস্তাদের মতো পরীক্ষিত সৈনিকদের ঘাটতি পূরণ করতে যে কিছুটা সময় লাগবে, সেটাও অবশ্য স্বীকার করে নিয়েছেন অ্যাটলেটিকো কোচ, ‘যারা দলে নতুন এসেছে আর যারা ছেড়ে গেছে, তাদের মানসিকতা একরকম না। আমরা নতুনদের নিয়েই বেশি কাজ করছি যেন তারা দ্রুত মানিয়ে নিতে পারে।’ গতকাল অবশ্য দলের ২-১ গোলের জয়ে একটি গোল করেছেন মারিও মানজুকিচ। আরেকটি গোল এসেছে মিরানদার পা থেকে।

নতুন করে কাউকে দলে ভেড়াবেন কি না—এমন প্রশ্নের জবাবে সিমিওনে বলেছেন, ‘আমরা এটা নিয়ে বোর্ডের সঙ্গে কথা বলব। এখনো কিছু সময় আছে। দেখা যাক নতুন কেউ আসে-যায় কি না।’ মুখে বললেও নতুন কাউকে দলে ভেড়ানোর সুযোগ খুব সম্ভবত পাচ্ছেন না সিমিওনে। ইউরোপীয় মৌসুমের প্রথম পর্বের দলবদলের সময়সীমা যে শেষ হয়ে যাচ্ছে আজই। গোল ডটকম