জিতেও তৃপ্ত নন চিলির কোচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোপা জিতেই বিশ্বকাপ বাছাইয়ে চোখ হোর্হে সাম্পালিওর ছবি: রয়টার্স।
কোপা জিতেই বিশ্বকাপ বাছাইয়ে চোখ হোর্হে সাম্পালিওর ছবি: রয়টার্স।

এখন তো তাদের আকাশে ওড়ার কথা। ৯৯ বছরের সাধনার ফল অবশেষে হাতে ধরা দিয়েছে। নিজেদের ইতিহাসের প্রথম কোপা শিরোপাটা জিতে আবেগে ভেসে যাওয়ার কথা চিলিয়ানদের। কিন্তু চিলির কোচ হোর্হে সাম্পাওলি পা মাটিতেই রাখছেন। এত বড় সাফল্যও যেন আনন্দের জোয়ারে ভাসিয়ে নিচ্ছে না এই আর্জেন্টাইন ভদ্রলোককে। বলেছেন, কোপা শিরোপা জিতলেই হবে না। বিশ্বকাপ বাছাইপর্বের কঠিন চ্যালেঞ্জ যে সামনেই অপেক্ষা করে আছে।
ম্যাচের আগে এই ফাইনালকে দুই সোনালি প্রজন্মের লড়াই বলে আখ্যা দিয়েছিল সবাই। চিলির ৯৯ বছরের আক্ষেপ ঘুচিয়ে সানচেজ, ভিদালরা প্রমাণ করে দিলেন তারা এই উপাধির যোগ্য দাবিদার। কিন্তু চিলির কোচের দৃষ্টিসীমায় এখন ২০১৮ বিশ্বকাপ। সাম্পাওলি ঠিক ওই দিকটাই সবার দৃষ্টি নিবদ্ধ রাখতে বলেছেন। তাঁর মন্তব্য খুব স্পষ্ট, বিশ্বকাপ বাছাইপর্বে এই শিরোপার কোনো গুরুত্ব নেই! ’
এখানে সাম্পাওলির মধ্যে একটা ভয়ই কাজ করছে, সেই ভয়টা হলো, বড় স্বপ্ন আর আত্মতুষ্টির। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সেই ব্যাপারেই সবাইকে সাবধান করে দিতে চেয়েছেন তিনি, ‘যখন আপনি এত সম্মানজনক কিছু জয় করেন, তখন সবাই অনেক বড় বড় স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু বাছাইপর্বে এই জয়ের কোন প্রভাব পরবে না।’ চিলির কোচের ভাবনাটা যথেষ্ট বাস্তবানুগও, ‘এই কোপাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই কতটা এগিয়েছে। বাছাইপর্বে আপনি পুরোপুরি ঘরের মাঠের সুবিধা পাবেন না। কঠিন, কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে তাদের মাঠে গিয়েই।’
বিশ্বকাপ বাছাইপর্বের খেলা নিয়ে খেলোয়াড়দের সাবধান করেছেন। তাই বলে কী এত বড় সাফল্যের আনন্দ-উৎসবেও বাগড়া বাধাবেন? এতটা হৃদয়হীন বোধ হয় সাম্পালিও নন। আর সেই কারণেই সব কথা বলে সেই আনন্দ-উদ্‌যাপনেই ফেরত গেলেন তিনি, ‘বিশ্বকাপ বাছাইপর্ব নিয়ে সাবধান করলাম বটে, কিন্তু ওটা নিয়ে আপাতত ওদের না ভাবলেও চলবে। এখনো হাতে কিছুটা সময় আছে। আপাতত এই ঐতিহাসিক বিজয় খেলোয়াড়েরা উপভোগ করুক প্রাণভরে।
আনন্দ উপভোগের আহ্বানের মধ্যেই কোপা জয়ের সব কৃতিত্ব সাম্পালিও দিচ্ছেন দলের খেলোয়াড়দের, ‘তাদের কৃতিত্ব দিতেই হবে আপনাকে। তারা এমন একটা দলের বিপক্ষে খেলেছে যাদের সবাই মানসম্পন্ন খেলোয়াড় এবং এই দলের বিপক্ষে নিজেদের জাত চিনিয়েছে আমার ছেলেরা।’
মেসি ফাইনালে ছিলেন তাঁর ছায়া হয়েই। ব্যাপারটা সংবাদ সম্মেলনে মনে করিয়ে দিতেই যেন তৃপ্তির আভা খেলে গেল সাম্পালিওর চোখে-মুখে। বলেছেন, মেসির ব্যাপারে আমাদের সব পরিকল্পনা দারুণ কাজে এসেছে, ‘আমাদের পরিকল্পনাই ছিল মেসিকে নিষ্ক্রিয় করে রাখা। সেই কাজটা দারুণভাবেই করেছে আমাদের খেলোয়াড়েরা। মেসির মতো খেলোয়াড়তে যদি আপনি খেলতে দেন, জায়গা করে দেন, তাহলে আপনাকে চড়া মূল্য দিতেই হবে।’
এত কিছুর পরেও সাম্পালিওর আর্জেন্টাইন হৃদয়টা যেন একটু বিষণ্ন মেসি প্রসঙ্গে, ‘মেসি মেসিই। একটি হার কিংবা একটি ফাইনাল দিয়ে আপনি মেসিকে বিচার করতে পারবেন না। পারা উচিতও নয়।’ সূত্র: রয়টার্স।