জিতেও বাদ পড়বে রিয়াল?

লা লিগায় বার্সার কাছে বিধ্বস্ত হওয়ার ক্ষতটা এখনো টাটকা। সেটা শুকোতে না শুকোতেই রিয়াল মাদ্রিদের সামনে আরও বড় সংকট। পরশু কোপা ডেল রের চতুর্থ রাউন্ডের প্রথম লেগে কাদিজকে ৩-১ হারিয়েও পরের রাউন্ডে ওঠা দূরে থাক, বাদ পড়তে পারে প্রতিযোগিতা থেকেই!
ঝামেলাটা আসলে বাধিয়েছেন ডেনিস চেরিশেভ। পরশু রিয়ালের জার্সি গায়ে চেরিশেভ মাঠে নামার পরেই কাদিজের মাঠে মৃদু ফিসফাস। একটু পরেই সেটা স্লোগানে পরিণত হলো, ‘ওকে মাঠ থেকে তুলে নাও’। নিষিদ্ধ চেরিশেভ মাঠে নামলেন কী করে? গত মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে ধারে খেলার সময় তিনটি হলুদ কার্ড দেখেছিলেন রিয়ালের উইঙ্গার। সেই হিসেবে এক ম্যাচ নিষেধাজ্ঞার কারণে তাঁর তো দলের সঙ্গেই থাকার কথা নয়। ব্যাপারটা বুঝতে পেরে দ্বিতীয়ার্ধের শুরুতেই তাঁকে মাঠ থেকে তুলে নেন রিয়ালের কোচ রাফায়েল বেনিতেজ। কিন্তু তাঁর গোলে এর আগেই এগিয়ে যায় রিয়াল। পরে ইসকোর জোড়া গোলে রিয়াল ম্যাচ জিতেছে ৩-১ গোলে, কিন্তু জয়টাই মূল্যহীন হয়ে যেতে পারে। অবৈধ খেলোয়াড়কে খেলানোর দায়ে রিয়াল বাদ পড়ে যেতে পারে এবারের কোপা ডেল রে থেকেই।
ম্যাচ শেষে কাদিজ সভাপতি মানোলো ভিজকিয়ানো বলেছেন, ‘আমরা ওকে অবৈধভাবে খেলানোর জন্য এরই মধ্যে অভিযোগ করেছি। বন্ধুভাবাপন্ন ক্লাবের সঙ্গে কাজটা করে খারাপ লাগছে, কিন্তু সিদ্ধান্তটা সর্বসম্মিতক্রমেই নেওয়া।’
প্রশ্ন হচ্ছে, এমন হাস্যকর একটা ভুল রিয়াল করল কীভাবে? রাফায়েল বেনিতেজ আত্মপক্ষ সমর্থন করেছেন, ‘আমরা ব্যাপারটা একদমই জানতাম না। ভিয়ারিয়াল ও ফেডারেশন আমাদের এ ব্যাপারে কিছুই জানায়নি।’ রিয়ালের পরিচালক এমিলিও বুত্রাগুয়েনো আরেকটু স্পষ্ট করে বললেন, ‘পরিস্থিতিটা আমাদের জানা ছিল না। ফেডারেশন ও ভিয়ারিয়াল আমাদের কিছু জানায়নি। চেরিশেভ নিজেই ব্যাপারটা জানত না।’
গত বছর ওসাসুনাও কোপা ডেল রের দ্বিতীয় রাউন্ডে নিষিদ্ধ একজন খেলোয়াড়কে নামিয়েছিল। পরে টুর্নামেন্ট থেকেই তাদের বাদ দিয়ে দেওয়া হয়। বেনিতেজের এমন অভিজ্ঞতা নতুনও নয়। ২০০১ সালে ভ্যালেন্সিয়ার কোচ থাকার সময় কোপা ডেল রের দ্বিতীয় রাউন্ডে স্প্যানিশ ক্লাবটি ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের চারজন খেলোয়াড়কে মাঠে নামিয়েছিল। ওই বছর টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ হয় ভ্যালেন্সিয়া। রিয়ালের ভাগ্যেও কি সে রকম কিছু অপেক্ষা করছে? এএফপি, ইএসপিএন।