জিতেও বিরক্ত মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার জয়সূচক গোলের পর সতীর্থদের সঙ্গে আগুয়েরোর উদ্‌যাপন l এএফপি
উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার জয়সূচক গোলের পর সতীর্থদের সঙ্গে আগুয়েরোর উদ্‌যাপন l এএফপি

উত্তপ্ত কথার লড়াই হলো, হলো অল্পবিস্তর গা ঠোকাঠুকিও। হলুদ কার্ড দেখলেন দুই দলের ৬ জন, লাল কার্ড দেখে বের হয়ে যেতে হলো আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনোকে। শুধু মারামারিটাই যা বাকি ছিল! ক্ষণে ক্ষণে উত্তেজনা ছড়ানো ম্যাচে শেষ পর্যন্ত উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার জয়টা সার্জিও আগুয়েরোর একমাত্র গোলে। তাতে আর্জেন্টাইন অধিনায়ক হিসেবে লিওনেল মেসির খুশিই হওয়ার কথা। প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে শেষ মুহূর্তে গোল খেয়ে ড্র করার হতাশা কিছুটা কাটল, সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে শক্ত হলো গ্রুপে অবস্থানটাও। কিন্তু মেসি রীতিমতো বিরক্ত! জয়ের স্বস্তি হয়তো আছে, কিন্তু সেটা ছাপিয়ে ম্যাচ শেষে উরুগুয়ের খেলার ধরন নিয়েই বেশি বিরক্তি মেসি।
প্রথম বিশ্বকাপের দুই ফাইনালিস্ট তারা। ব্রাজিলকে একপাশে সরিয়ে রাখলে উরুগুয়েই সম্ভবত লাতিন আমেরিকায় আর্জেন্টিনার সবচেয়ে বড় ‘শত্রু’। গতবার এই উরুগুয়ের কাছে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরেই শেষ হয়েছিল আর্জেন্টিনার কোপা অভিযান। লা সেরেনায় পরশু তাই ছিল আর্জেন্টিনার প্রতিশোধের ম্যাচ। বাড়তি উত্তাপ ছড়ানোর কারণও সম্ভবত সেটাই। মাঠেই বিতর্কে জড়িয়ে পড়ার দায়টা অবশ্য দুই দলেরই। বেশ কয়েকবার উরুগুয়ে আর আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতাহাতি থামাতে মাঝে এসে দাঁড়াতে হয়েছে রেফারিকে। এমনকি ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে তর্কাতর্কি করায় ৩৮ মিনিটে আর্জেন্টাইন কোচ মার্টিনোকে লাল কার্ড দেখিয়ে ডাগ-আউট থেকে বের করে দেন ব্রাজিলিয়ান রেফারি সান্দ্রো রিচ্চি। ম্যাচ শেষে মেসি অবশ্য ক্ষোভটা বেশি দেখিয়েছেন প্রতিপক্ষের প্রতিই, ‘উরুগুয়ে শুরু থেকেই “কঠিন” করে খেলতে চাইছিল। আমরাও জানি, কীভাবে কঠিন খেলার উত্তর দিতে হয়। তবে এটা আমাদের স্বভাব নয়, এভাবে খেলতে অভ্যস্ত নই। আমরা ম্যাচজুড়ে স্বাভাবিক খেলাটাই খেলতে চেয়েছি। কিন্তু মনে হচ্ছিল, উরুগুয়ে খেলার জন্য মাঠে নামেনি। আমাদের সৌভাগ্য, আগুয়েরো দারুণ একটা গোল করেছে।’
গোলটা অবশ্য দেখার মতোই হয়েছে। আর সেটাও একেবারে ‘মেড বাই ম্যানচেস্টার সিটি’। সিটির আর্জেন্টাইন ডিফেন্ডার পাবলো জাবালেতার ক্রস থেকে দুর্দান্ত হেডে উরুগুয়ের জালে বল পাঠান তাঁরই ক্লাব সতীর্থ আগুয়েরো। অবশ্য জাবালেতাকে দারুণ পাসটা বাড়ানোর কৃতিত্ব পিএসজি মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরের।
জয়ে স্বস্তি পেয়েছেন মার্টিনোও। তবে নিজের দলের খেলায় এখনো ঠিক সন্তুষ্ট নন আর্জেন্টাইন কোচ, ‘৭০ মিনিট পর্যন্ত খেলাটা আমাদের নিয়ন্ত্রণেই ছিল। এরপর আমরা নিজেদের মধ্যে পাস দেওয়ায় গতি হারিয়েছি এবং ফলে বলও হারিয়েছি।’
এই জয়ে দুই ম্যাচ থেকে আর্জেন্টিনার পয়েন্ট ৪। সমান ম্যাচে সমান পয়েন্ট প্যারাগুয়েরও। তবে ২০ জুন আর্জেন্টিনা গ্রুপের শেষ ম্যাচটা খেলবে দুর্বল জ্যামাইকার বিপক্ষে। অন্যদিকে একই দিন উরুগুয়ের প্রতিপক্ষ প্যারাগুয়ে। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে ওই ম্যাচে জয় ছাড়া যে খুব বেশি বিকল্প নেই সেটা জানেন উরুগুইয়ান ডিফেন্ডার ম্যাক্সি পেরেইরাও, ‘আমরা জানতাম হিসাবটা কঠিন হয়ে যেতে পারে। কারণ, এটা খুবই কঠিন গ্রুপ। তবে আমরা এরই মধ্যে ৩ পয়েন্ট পেয়েছি এবং এখনো সুযোগ আছে।’ এএফপি, রয়টার্স।