জিতেও মাঠ নিয়ে অসন্তুষ্টি রোনালদোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের বিপক্ষে বলের দখল রাখার চেষ্টায় রোনালদো। ছবি: রয়টার্স
নিউজিল্যান্ডের বিপক্ষে বলের দখল রাখার চেষ্টায় রোনালদো। ছবি: রয়টার্স

‘এমন মাঠে এর চেয়ে ভালো ফুটবল খেলা সম্ভব নয়’—কনফেডারেশনস কাপে নিউজিল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর কণ্ঠে সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামের মাঠ নিয়ে অসন্তুষ্টি। মাঠের ঘাস বড়—তাঁর অভিযোগ এটিই।
৬৮ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনফেডারেশনস কাপের ফাইনাল। ২০১৮ সালের বিশ্বকাপেরও অন্যতম শীর্ষ ভেন্যু এটি। রাশিয়ান ফুটবলের অন্যতম সেরা ক্লাব জেনিতের নিজস্ব এই মাঠে রাশিয়া-নিউজিল্যান্ড ও ক্যামেরুন-অস্ট্রেলিয়ার খেলা দুটিও অনুষ্ঠিত হয়েছে। রোনালদোর চোখে এই মাঠের সবচেয়ে বড় সমস্যা ‘লম্বা ঘাস’ই, ‘এই মাঠে খেলাটা বেশ কঠিন। ঘাস যেকোনো কারণেই হোক বেশ বড়। এই মাঠে আজ আমরা যে ফুটবল খেলেছি, তার থেকে ভালো ফুটবল খেলা সম্ভব নয়।’
ম্যাচের আগের দিন এই মাঠে অনুশীলন করতে না দেওয়াতে ক্ষোভ ঝরেছে পর্তুগাল কোচ ফার্নান্দো সানতোসের কণ্ঠে, ‘ম্যাচের আগের দিন আমাদের এখানে অনুশীলন করতে দেওয়া হয়নি। এত চমৎকার একটা স্টেডিয়াম, অথচ এর মাঠটা খুব বাজে। ফিফা এই সমস্যাটার ব্যাপারে জানে, আমি আশা করব ফাইনালের আগেই তারা মাঠটা ঠিক করে ফেলবে। মাঠের মানের ওপর যে খেলোয়াড়দের খেলার মান নির্ভর করে, সেটা তো সকলেরই জানার কথা।’

মেক্সিকোর কাছে হেরে কনফেডারেশনস কাপ থেকে বিদায় নিল রাশিয়া। ছবি: রয়টার্স
মেক্সিকোর কাছে হেরে কনফেডারেশনস কাপ থেকে বিদায় নিল রাশিয়া। ছবি: রয়টার্স

ম্যাচে একচেটিয়াই খেলেছে পর্তুগাল। রোনালদো হ্যাটট্রিক পেতে পারতেন। একটি গোল পেলেও দুটি সুযোগ তাঁর হাতছাড়া হয়েছে দুর্ভাগ্যের কারণে। একবার তাঁর হেড নিউজিল্যান্ডের গোলকিপার ফিরিয়ে দেন, আরেকবার ক্রসবার বাধা হয়ে দাঁড়াল। পর্তুগালের হয়ে বাকি তিনটি গোল নানি আর বের্নাদো সিলভাও সিলভা আন্দ্রেয়ার।
রোনালদোর গোলটি অবশ্য পেনাল্টি থেকে। ম্যাচের ৩৩ মিনিটে দানিলো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পর্তুগাল। লক্ষ্যভেদে কোনো সমস্যা হয়নি রিয়াল মাদ্রিদ তারকার। ৩৭ মিনিটে পর্তুগালকে ২-০ গোলে এগিয়ে নেন বের্নাদো। কারেসমার কাছ থেকে বল পেয়ে দূরপাল্লার শটে পর্তুগালের তৃতীয় গোলটি করেন আন্দ্রেয়া সিলভা। ম্যাচের একেবারে শেষলগ্নে গোল পান নানি।
কাজানে দিনের অপর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-১ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে স্বাগতিক রাশিয়া। প্রথমার্ধের ২৫ মিনিটে আলেকজান্ডার সামেদভের গোলে এগিয়ে যাওয়া রাশিয়া শেষ পর্যন্ত নিজেদের ম্যাচে রাখতে পারেনি। ৩০ মিনিটে গোলটি শোধ করেন মেক্সিকোর ডিফেন্ডার নেস্তোর। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে মেক্সিকোকে ২-১ গোল এগিয়ে দেন রদ্রিগো লোসানো। সূত্র: রয়টার্স