জিতেছে রিয়াল, আলোচনায় জিদান–পুত্র
বাবা জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের কিংবদন্তি। খেলোয়াড়, কোচ—দুই ভূমিকাতেই। বাবার মতো অবশ্য মাঝমাঠ সামলান না লুকা জিদান, তাঁর ভূমিকাটা গোলপ্রহরীর। কিন্তু তাতে কী? রিয়ালের জার্সি গায়ে আলো ছড়ানোর স্বপ্নটা বাবার চেয়ে কম ছিল না লুকার।
কিন্তু পরিস্থিতি সায় দেয়নি। কখনো কেয়লর নাভাস, কখনো থিবো কর্তোয়া, কখনো আন্দ্রেই লুনিন কিংবা আবার আলফঁস আরেওলা—সব সময় অন্য গোলকিপারের কারণে আড়ালেই থাকতে হয়েছে লুকা জিদানকে। রিয়ালের মূল গোলকিপার হওয়ার স্বপ্ন পূরণ হয়নি।
খেলোয়াড়ি জীবনে সাফল্য লাভের আশায় গত বছর পাড়ি জমিয়েছেন রায়ো ভায়েকানোতে। সেই রায়ো ভায়েকানোই গত রাতে নেমেছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
সাবেক ক্লাবের বিপক্ষে নিজের জাত চেনানোর ‘মিশন’ই যেন ছিল এটি। দুর্দান্ত কয়েকটি সেভে বুঝিয়ে দিয়েছেন, চাইলে তাঁর ওপর রিয়াল ভরসা করতেই পারত।
লুকার বীরত্বে অবশ্য কাজ হয়নি। রায়োর মাঠে করিম বেনজেমার গোলে ম্যাচটা ১-০ গোলে জিতে নিয়েছে রিয়ালই। কিন্তু রিয়ালের জয় ছাপিয়ে লুকার জয়জয়কার চলছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয়।
ম্যাচের শুরু থেকেই যেন রায়োর পোস্টের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন লুকা। প্রথম মিনিটে মার্কো আসেনসিওর ডান পায়ের শটটা একটু সামনে এসে যেভাবে বুক দিয়ে ঠেকিয়েছেন, তাতে তাঁর বুদ্ধিমত্তার ব্যাপার ছিল। ২৪ মিনিটে আবারও আসেনসিওকে গোলবঞ্চিত করেন লুকা। এবার ডান দিকে দুর্দান্তভাবে ঝাঁপিয়ে পড়ে আসেনসিওর শট বাইরে পাঠিয়ে দেন। ৩৮ মিনিটে কাসেমিরো রিয়াল মাদ্রিদকে এগিয়ে দিয়েছেন বলে মনে হলেও ভিএআরের কল্যাণে দেখা যায়, অফসাইডে ছিলেন এই ব্রাজিল তারকা। প্রথমার্ধের একদম শেষ দিকে এবার বেনজেমাকে গোলবঞ্চিত করেন লুকা। এখানেও সময়মতো সামনে এগিয়ে এসে নিজের অবস্থানগত বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছেন আরও একবার।
অপর প্রান্তে আরেক গোলকিপার থিবো কর্তোয়াও নিজের কাজটা বেশ ভালোভাবে করে যাচ্ছিলেন। কখনো অস্কার ত্রেহো, কখনো সের্হি গার্দিওলা কিংবা বেবে; একের পর এক শট আটকে গেছেন কর্তোয়া। ম্যাচের শেষ দিকে কর্তোয়া-লুকা জিদানের লড়াইয়ে শেষমেশ হার মেনেছেন লুকাই। ৮৩ মিনিটে লুকাকে একরকম বোকা বানিয়ে ওয়ান-টু পাসের সমন্বয়ে বেনজেমার কাছে বল পাঠান ভিনিসিয়ুস জুনিয়র, সেখান থেকেই আসে ম্যাচের একমাত্র গোল।
ম্যাচের ফলাফল নিয়ে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি অনেক খুশি। এই জয়ে নিজেদের কোনো দুর্বলতা দেখছেন না তিনি, ‘আমার ভুলও হতে পারে, তবে এই ম্যাচে আমি নেতিবাচক কিছু দেখিনি। আমি খুশি। কখনো কখনো ব্যর্থ হওয়া স্বাভাবিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চেষ্টা করে যাওয়া। আর আজকে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে গিয়েছি। আমার মনে হয় না এই মাঠে এসে খুব বেশি দল জিতে গেছে।’
আরেক ম্যাচে ব্রাজিলিয়ান লেফটব্যাক রেনান লোদির জোড়া গোলে সেলতা ভিগোকে ২-০ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ।