জিদান কুসংস্কার থেকে কালো জার্সি চেয়েছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যুট-টাই পরা জিদান কুসংস্কারে বিশ্বাসী, এমনটা কে ভেবেছে! ছবি: এএফপি
স্যুট-টাই পরা জিদান কুসংস্কারে বিশ্বাসী, এমনটা কে ভেবেছে! ছবি: এএফপি
>
  •  গত মৌসুমে বায়ার্নের মাঠে শেষ আটের প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল রিয়াল
  •  এবার সেমির প্রথম লেগে সেই বায়ার্নের মাঠেই একই স্কোরলাইন
  • বায়ার্নের মাঠে গত মৌসুম ও এবারের দুটি ম্যাচ একই দিনে হয়েছে
  •  গতবার কালো জার্সি পরে বায়ার্নের মাঠে নেমেছিল রিয়াল, এবারও তাই
  •  মিউনিখে গতবারের মতো এবারও একই হোটেলে ছিল রিয়াল

তাহলে জিনেদিন জিদানও কুসংস্কারে বিশ্বাসী!
চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মাঠে ২-১ গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ। সেদিন কালো জার্সি পরে খেলেছিল রিয়াল এবং দিনটা ছিল বুধবার। রিয়াল কোচ জিনেদিন জিদান তা মনে রেখেছিলেন। আর তাই এবার বায়ার্নের মাঠে সেমিফাইনাল প্রথম লেগের আগে জিদান তাঁর শিষ্যদের কালো জার্সিতে খেলতে দেওয়ার অনুমতি চেয়েছিলেন উয়েফার কাছে। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা তা মেনে নেওয়ায় ব্যাপারটা খাপের খাপ মিলে গেল!
কাল রাতে সেই বায়ার্নের মাঠেই ২-১ গোলে জিতেছে রিয়াল এবং দিনটা ছিল বুধবার আর রোনালদো-এসেনসিওদের গায়েও ছিল কালো জার্সি। কিছু বুঝতে পারলেন?
জিদানের কুসংস্কারচর্চার এখানেই শেষ নয়। গত মৌসুমে মিউনিখে গিয়ে রিয়াল কোচ খেলোয়াড়দের নিয়ে যে হোটেলে ছিলেন এবারও থেকেছেন একই হোটেলে। মিউনিখে যাওয়ার পথে যেসব ক্রু ছিল তাঁর সঙ্গে, এবারও সেই একই ক্রুদের সঙ্গে নিয়েছেন। একই টুর্নামেন্ট, একই দিন, একই জার্সি, একই হোটেল, একই ক্রু এবং একই স্কোরলাইন—এরপরও বলবেন জিদান কুসংস্কারে বিশ্বাসী নন?
তবে ক্রীড়াজগতে কুসংস্কারে বিশ্বাস নতুন কিছু নয়। আর এই বিশ্বাসীদের সংখ্যাও মোটেও কম নয়। তা ছাড়া পরিসংখ্যানও বলছে, প্রথম লেগের এই স্কোরলাইন রিয়ালের ফাইনালে ওঠার স্বপ্নে ইতিবাচক ইঙ্গিত। ইউরোপিয়ান টুর্নামেন্টের নকআউট পর্বে প্রথম লেগে রিয়ালের ২-১ গোলে জয় মানেই দলটি পরবর্তী রাউন্ডে উঠেছে। মোট সাতবার এমন নজির রয়েছে। চ্যাম্পিয়নস লিগের আগের সংস্করণ ইউরোপিয়ান কাপে পাঁচবার ও ইউরোপা লিগের পূর্ববর্তী সংস্করণ উয়েফা কাপে দুবার এমন ঘটনা ঘটেছে।
শুধু তা-ই নয়, ইউরোপ-সেরা হওয়ার এই ক্লাব টুর্নামেন্টে সেমিতে ঘরের মাঠে প্রথম লেগ হারের পর ফাইনালে উঠতে পেরেছে মাত্র একটি দল। ১৯৯৫-৯৬ মৌসুমের আয়াক্স। এবার বায়ার্নও ঘরের মাঠে শেষ চারের প্রথম লেগ হেরেছে। ফাইনালে উঠতে হলে জার্মান ক্লাবটিকে বিরল নজিরই গড়তে হবে। আর রিয়ালের বৃহস্পতি যে তুঙ্গে, সংস্কারে বিশ্বাসীরা অন্তত এমন দাবি করতেই পারেন!