জিদান, তবে জিনেদিন নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলের পর এনজো জিদান  l রিয়াল মাদ্রিদ
গোলের পর এনজো জিদান l রিয়াল মাদ্রিদ

বহুদিন ধরেই রিয়াল মাদ্রিদ সমর্থকেরা অপেক্ষায় ছিলেন, কবে সাদা জার্সিতে দেখা যাবে এনজো জিদানকে। অপেক্ষা ফুরিয়েছে; বাবা জিনেদিন জিদানও যা পারেননি, সেটাই করলেন এনজো জিদান। রিয়াল মাদ্রিদ অভিষেকেই করেছেন গোল!
পরশু কোপা ডেল রেতে তৃতীয় বিভাগের দল কালচারাল লিওনেসাকে ৬-১ গোলে হারিয়েছে রিয়াল। এল ক্লাসিকোর আগে মূল দলের অধিকাংশ খেলোয়াড়কে বিশ্রাম দেন কোচ জিদান। তাতেই সুযোগ মেলে এনজো, ওডেগার্ড, মারিয়ানো, তেজেরোদের। কোচ তাঁর পরীক্ষায় সফল। মারিয়ানো করেছেন হ্যাটট্রিক, মাঠে নামার ১৮ মিনিটে এনজোও পেয়েছেন গোল। পুত্রগর্বে গর্বিত জিদান অবশ্য উচ্ছ্বাস প্রকাশে একটু কূটনৈতিক, ‘যদি কোচের স্যুটটা খুলে ফেলি, তবে অবশ্যই ছেলের জন্য খুশি। আর কোচ হিসেবে আমি ওডেগার্ড, আলভারো ও রুবেনের জন্যও খুশি।’ এনজো কোনো রাখঢাক রাখেননি, ‘রিয়ালের হয়ে অভিষেক এবং তাতে গোল করা তো সারা জীবনের স্বপ্ন, আমি খুশি, সেটা বার্নাব্যুতে হলো।’
আর গোলটাও কেমন, যেকোনো কোচের স্বপ্নের গোল! নিজেদের বক্স থেকে পেপে, ভারানের পা ঘুরে এনজোর কাছে। এনজো থেকে মার্কো এসেনসিও, ওডেগার্ড, হামেস, এসেনসিও হয়ে আবার এনজোর কাছে। আবারও ওডেগার্ড থেকে মারিয়ানোর কাছে। মারিয়ানোর পাসটা এনজোর কাছে আসতেই এল সে মুহূর্ত, ডাইভ দেওয়া ডিফেন্ডারের পায়ের নিচ দিয়ে বল পাঠালেন এনজো, গোল!
অন্যদিকে এল ক্লাসিকোর প্রস্তুতিটা ভালো হয়নি বার্সেলোনার, ১-১ গোলে ড্র করেছে চতুর্থ বিভাগের দল হারকিউলিসের সঙ্গে। এএফপি, মার্কা।