জিদান তো নয়, যেন রবিনহুড!
এই মৌসুমে রিয়ালের ম্যাচগুলোর ফল একনজরে দেখলে একটা ধারা চোখে পড়তে বাধ্য; চ্যাম্পিয়নস লিগে দুর্বল শাখতারের বিপক্ষে দুই লেগেই হেরেছে তারা, লিগে হেরেছে কাদিজ-আলাভেসের মতো দুর্বল দলগুলোর বিপক্ষে। যেসব ম্যাচে চোখ বন্ধ করে জিতে পূর্ণ তিন পয়েন্ট পকেটে ভরার কথা ছিল, সে ম্যাচগুলোয় পয়েন্ট বিলিয়েছে অকাতরে।
ওদিকে বড় দলগুলোর বিপক্ষে একই রিয়ালের অন্য রূপ দেখা যাচ্ছে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে তাদের মাটিতেই ৩-১ গোলে হারিয়ে এসেছে, জিতেছে সেভিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষেও। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের বিপক্ষে দুবার পোষ মেনেছে ইন্টার মিলান। এই তালিকায় এবার যুক্ত হলো আতলেতিকো মাদ্রিদের নামটাও। এবারের শিরোপাপ্রত্যাশী আতলেতিকো গতকাল রিয়ালের সামনে মুখ থুবড়ে পড়েছে ২-০ গোলে হেরে।
প্রথম থেকেই দুর্দান্ত খেলা শুরু করে রিয়াল। এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা এসেছিল ১১ মিনিটের মধ্যেই। ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার বাঁ পায়ের রকেট–গতির শট ব্যর্থ হয় পোস্টে লেগে। সে যাত্রায় রক্ষা পায় আতলেতিকো মাদ্রিদ। কিন্তু গোলের জন্য বেশিক্ষণ আর অপেক্ষা করতে হয়নি রিয়ালকে। জার্মান মিডফিল্ডার টনি ক্রুসের মাপা এক কর্নারে মাথা ছুঁইয়ে ১৫ মিনিটের মধ্যেই দলকে এগিয়ে দেন ব্রাজিলের রক্ষণাত্মক মিডফিল্ডার কাসেমিরো।
৫০ মিনিটে ব্যবধান বাড়ানোর আরেকটা সুযোগ পায় রিয়াল। বক্সের একটু বাইরে ক্রুসকে ফেলে দিয়ে রিয়ালকে ফ্রি-কিক ‘উপহার’ দেন আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল কোরেয়া। ফ্রি-কিক থেকে রিয়াল অধিনায়ক সের্হিও রামোস কিছুই করতে পারেননি যদিও। ৫৫ মিনিটে সমতায় ফেরার একটা অসাধারণ সুযোগ পায় আতলেতিকো। ডান প্রান্ত থেকে বাড়ানো এক ক্রসে ঠিকঠাক পা ছুঁইয়ে গোল করতে পারেননি ফরাসি উইঙ্গার টমাস লেমার, বাইরে মেরেছেন। ম্যাচের ৬৩ মিনিটে চোট থেকে একাদশে ফেরা রাইটব্যাক দানি কারভাহাল রিয়ালকে এগিয়ে দেন। ডান পায়ের তাঁর দুরন্ত এক শট আটকাতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়িয়ে দেন আতলেতিকোর গোলরক্ষক ওবলাক।
ব্যবধান কমানোর আরও একটা-দুটো সুযোগ আতলেতিকো পেলেও কাজে লাগাতে পারেনি।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৬ ম্যাচ অপরাজিত ছিল আতকেতিকো। রিয়াল এসে সেই রেকর্ডটাও ভেঙে দিল। জিদানের দলকে সেই ২০১৬ সালের ফেব্রুয়ারির পর থেকে হারাতে পারছে না সিমিওনের আতলেতিকো। রিয়ালের বিপক্ষে ম্যাচের আগে গোটা মৌসুমে মাত্র দুই গোল হজম করা আতলেতিকো এক রিয়ালের বিপক্ষেই হজম করেছে দুটি গোল।
ম্যাচ শেষে লিগ টেবিলের অবস্থানে আতলেতিকোর কোনো অবনতি ঘটেনি, তবে নিচে থাকা দলগুলোর সঙ্গে পয়েন্ট ব্যবধান কমেছে তাদের। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আতলেতিকো শীর্ষেই আছে। ওদিকে তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। আতলেতিকোর চেয়ে এক ম্যাচ বেশি খেলে তাদের পয়েন্ট তিন কম। ওদিকে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে নবম স্থানে।