জিদান-প্লাতিনিদের উত্তরসূরি 'গ্রিজু'?

১৯৮৪ ইউরো। ১৯৯৮ বিশ্বকাপ। ঘরের মাটিতে এর আগে দুটি বড় টুর্নামেন্টেই শিরোপা জিতেছে ফ্রান্স। ২০১৬ ইউরোতে হ্যাটট্রিক হয়ে যাবে?
উত্তরটা জানতে শুধু দুই দিন, আর এক ম্যাচের অপেক্ষা। গতকাল মার্শেইতে জার্মানিকে ২-০ গোলে ইউরোর ফাইনালে উঠে গেছে ফ্রান্স। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে ফাইনালে জিতলে দুর্দান্ত একটা গল্প লেখা হয়ে যাবে ফ্রান্সের। তার লেখক কে হবেন এই মুহূর্তে সে নিয়ে সম্ভবত খুব বেশি সংশয় নেই। আঁতোয়ান গ্রিজমানের চেয়ে ভালো আর কেউ হতে পারে কি!
টুর্নামেন্টের শুরু থেকেই ফ্রান্সের স্বপ্নসারথি হয়ে আছেন। দিদিয়ের দেশমের দল ফাইনালেও উঠেছে ‘সুপারম্যান’ গ্রিজমানে ভর করে। সব মিলিয়ে ফাইনালের আগে এখন নতুন আলোচনাও শুরু হয়ে গেছে, গ্রিজমান কি পারবেন প্লাতিনি-জিদানদের পথে এগিয়ে যেতে?
১৯৮৪ ইউরো ফ্রান্স জিতেছে মিশেল প্লাতিনির জাদুতে, আন্তর্জাতিক টুর্নামেন্টে ফ্রান্সের প্রথম সাফল্য। টুর্নামেন্টে ফ্রান্সের ১৪ গোলের ৯টিই এসেছিল প্লাতিনির পায়ে। এখনো যা ইউরোতে সর্বোচ্চ গোলের রেকর্ড (যৌথভাবে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে)। সেই ইউরোর ১৪ বছর পর ১৯৯৮ তে আবারও ফ্রান্সে আন্তর্জাতিক টুর্নামেন্ট, বিশ্বকাপ। সেই গল্প তো সবারই জানা। জিনেদিন জিদানের দুর্দান্ত নৈপুণ্যে অধরা সোনালি ট্রফিটাতেও চুমু এঁকে দেয় ফ্রান্স। এবার আরেকটি টুর্নামেন্টের স্বাগতিক ফ্রান্স। আরও একবার ফাইনালেও উঠে গেছে তারা। জিদান-প্লাতিনি হওয়ার সুযোগ এবার গ্রিজমানের সামনে।
এরই মধ্যে টুর্নামেন্টে ৬ গোল করে ফেলেছেন গ্রিজমান। কাল দুই গোল করে গ্রিজমান পেরিয়ে গেলেন জিদানকে (৫ গোল), ছুঁয়ে ফেললেন থিয়েরি অঁরিকে (৬ গোল)। প্লাতিনিকে ছুঁতে হলে ফাইনালে হ্যাটট্রিক করতে হবে গ্রিজমানকে। অবশ্য ব্যক্তিগত এসব রেকর্ড নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড, ‘মিশেল প্লাতিনির চেয়ে এখনো অনেক পেছনে আমি। আশা করি কোনো একদিন তাঁর কাছাকাছি যেতে পারব। আমি খুশি, গর্বিত, সন্তুষ্ট। তবে এখনো এক ম্যাচ বাকি। সুন্দরভাবেই সেটি শেষ করতে হবে।’
সেটি করতে পারলে গ্রিজমানও যে ফ্রেঞ্চ কিংবদন্তিদের মধ্যে জায়গা করে নেবেন তা নিয়ে সংশয় খুব কম। এমনিতে মার্শেই কাল হয়তো প্রথমবারের মতো, একদিনের জন্য জিদানকে ভুলে নতুন একজনকে নায়ক বানিয়ে নিয়েছে। তবে তাতে ফ্রেঞ্চ কিংবদন্তির একটুও রাগ হওয়ার কথা নয়। মার্শেই ‘জিজু’র নিজের শহর হতে পারে, কিন্তু কাল ইউরোর সেমিফাইনালে তো ফ্রান্সকে জিতিয়েছেন তাঁরই পথ ধরে চলতে শুরু করা গ্রিজমান। জিজুর সঙ্গে মিল রেখে এরই মধ্যে তাঁকে ডাকাও হচ্ছে ‘গ্রিজু’।
সেমিফাইনালে পুরো ম্যাচে জার্মানি যেন তাঁবু গেড়ে বসেছিল ফ্রান্সের সীমানায়। কিন্তু যখনই প্রতি আক্রমণে কিছুটা নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছে, সেটিতে অক্সিজেন জুগিয়েছেন গ্রিজমানই। যদিও গোল দুটি এসেছে জার্মানদের অবিশ্বাস্য ভুলের কারণে, তবে তাতে গ্রিজমানের অর্জন মোটেও খাটো হচ্ছে কী? ফ্রান্সের জয়ের পেছনে গোলপোস্টে হুগো লরিস, ডিফেন্সে স্যামুয়েল উমতিতি, মিডফিল্ডে সিসোকোদেরও অবদান অনেক। কিন্তু দিন শেষে ক্যামেরার ফোকাস গ্রিজমানের ওপরই থাকছে।
যেমনটা ছিল পুরো টুর্নামেন্টে। দ্বিতীয় ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে ৯০ মিনিটে দলের প্রথম গোল; শেষ ষোলোতে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে চার মিনিটে দুই গোল; এরপর জার্মানির বিপক্ষে কাল দুই গোল—ফ্রান্সের স্বপ্ন তো বাঁচিয়ে রেখেছেন ‘গ্রিজু’ই।
আর একটা ম্যাচ বাঁচিয়ে রাখতে পারলেই তাঁর জায়গা পাকা হয়ে যাবে কিংবদন্তিদের মাঝে। গ্রিজমান কি ডাকটা শুনতে পাচ্ছেন? সূত্র: গোলডটকম।