জিদান বনাম লো পেন
স্প্যানিশ লিগের শিরোপা জয় নিয়ে ভাবতে হচ্ছে। পরিকল্পনা সাজাতে হচ্ছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিয়ে। শুধু ফুটবলই নয়, রাজনীতির মাঠেও যে দারুণ সচেতন জিনেদিন জিদান। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও ভাবছেন রিয়াল মাদ্রিদ কোচ।
কার কাঁধে দেশের ভার দিলে ভালো হবে, মানুষকে সেটাই বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন রিয়াল ও ফ্রান্সের কিংবদন্তি এই ফুটবলার। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য জিদান দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন, তাঁরা যেন অতি ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী মারি লো পেনকে ভোট না দেন। পেনও এর পাল্টা জবাব দিয়েছেন।
২০০২ সালের নির্বাচনেও অতি ডানপন্থী দলের বিরুদ্ধে ছিলেন জিদান। সাধারণ মানুষের ভোটে ফ্রান্সের কিংবদন্তি এই ফুটবলার এবার তাঁর সেই অবস্থানই ধরে রেখেছেন, ‘সেই ২০০২ সালের মতোই। আমি ওই ঘরানার লোক নই। ন্যাশনাল ফ্রন্টের ঘরানার বাইরের লোক আমি। যতটা সম্ভব এদের এড়িয়ে চলতে হবে আমাদের।’
লো পেন এর আক্রমণাত্মক জবাবই দিয়েছেন, ‘তার যা আয়, সেদিক থেকে সে এটা বলতেই পারে। আমি বলতে চাইছি জিদান মোটামুটি বিত্তশালী। সে তার সম্পদ রক্ষা করার জন্যই চাইছে ম্যাকরন নির্বাচনে জিতুন। তার প্রতিভার প্রশংসা করতেই হয়!’ রয়টার্স, মার্কা