জিদানই বদলে দিয়েছেন সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে একটু ঝুঁকি নিয়ে উঁকি মেরে আসতে পারলে ভালো হতো। কোন জাদুতে এভাবে বদলে গেল রিয়াল মাদ্রিদ, সেটি তাহলে হয়তো বোঝা যেত। খোঁড়াতে থাকা একটি দল, যারা এবারও খালি হাতে ফিরবে বলেই ভাবা হচ্ছিল, সে দলটিই মৌসুমের শেষ প্রান্তে এসে দুটি শিরোপার সুবাস পাচ্ছে। অনেকের চোখেই এ হলো ‘জিজু–জাদু’, মানে জিনেদিন জিদানের ছোঁয়াতেই বদলে গেছে ‘লস ব্লাঙ্কো’রা। সাবেক ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরোও আছেন এই দলে।
মৌসুমের মাঝপথেই হঠাৎ করে রিয়ালের দায়িত্ব তুলে দেওয়া হয় জিদানের কাঁধে। তাঁর কাঁধে ভর দিয়েই হতাশা কাটিয়ে জেগে উঠেছে রিয়াল। নিজের জুভেন্টাস সতীের্থর সাফল্যে উচ্ছ্বসিত দেল পিয়েরো, ‘সে মাদ্রিদের মানসিকতাই বদলে দিয়েছে। শুধু দলের নয়, ভক্তদেরও। সে এত অল্প সময়ে যা করেছে সেটি খুব কঠিন, কোচ হিসেবে নিজেকে যেভাবে প্রস্তুত করেছে তা অসাধারণ।’
জিদান দায়িত্ব নেওয়ার পর লিগে ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট পেয়েছে রিয়াল, যেখানে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ পেয়েছে ৩৪ ও ৩৫ পয়েন্ট। জিদান-আমলে এমন সাফল্যই লা লিগার শীর্ষে থাকা বার্সার সঙ্গে রিয়ালের ব্যবধান কমিয়ে এনেছে মাত্র ১ পয়েন্টে। বার্সা ও অ্যাটলেটিকো—দুই প্রতিদ্বন্দ্বী যদি এক ম্যাচেও হোঁচট খায়, তবে শিরোপা চলে আসবে রিয়ালের নাগালে। চ্যাম্পিয়নস লিগেও সেমিফাইনালে পৌঁছে গেছে রিয়াল। দেল পিয়েরো তাই জিজুকে শুভকামনা জানিয়ে রাখলেন, ‘এ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে ওর সাফল্য কামনা করছি।’
জিদান-স্তুতি ও রিয়ালের ফিরে আসা প্রসঙ্গে চলে এসেছে বার্সার কথাও। মৌসুমের শেষ মুহূর্তে তীরে এসে তরি ডোবে ডোবে অবস্থা বার্সেলোনার। বার্সার এভাবে ফর্ম হারিয়ে ফেলায় বিস্মিত সাবেক এই ইতালিয়ান ফরোয়ার্ডও, ‘অবিশ্বাস্য এক পরিস্থিতি। দুই সপ্তাহ আগেও কেউ যদি বলত চ্যাম্পিয়ন লিগ থেকে বার্সেলোনা বাদ পড়বে, কিংবা লিগে এত পয়েন্ট হারাবে, আমি বলতাম, অসম্ভব। কিন্তু এসবই তো খেলাটিকে উপভোগ্য করে তোলে।’ গোলডটকম